পার্টনারশিপের আওতায় বাংলাদেশি স্কুল

প্রতিনিয়ত স্কুলের শিক্ষার মান উন্নত করার উদ্দেশ্যে ইউরোপের বিভিন্ন দেশের স্কুলের সঙ্গে পার্টনারশিপ (কানেক্টিং ক্লাশরুম প্রজেক্ট) সম্পর্ক গড়ছেন লন্ডন স্টেপনি ওয়ে স্যার জন ক্যাস স্কুলের প্রধান শিক্ষক হেইডেন ইভান্স (কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার)। এর ধারাবাহিকতায় এ বছর প্রথমবারের মতো বাংলাদেশের একটি স্কুলের সঙ্গেও এই পার্টনারশিপ সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। ব্রিটিশ কাউন্সিলের ব্যবস্থাপনায় ওই স্কুলের বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক বদরুল আলম সম্প্রতি পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলার কালিগঞ্জের করিমউদ্দিন পাবলিক পাইলট হাইস্কুল।
বাংলাদেশ থেকে ফিরে বদরুল আলম জানালেন, ‘করিমউদ্দিন পাবলিক পাইলট হাইস্কুলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন আমার জন্য অন্য রকম এক অভিজ্ঞতা। আমি স্কুলের প্রতিটি ক্লাশরুমে গিয়েছি। মাঠে বসে গল্প করেছি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে। তাদের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ হয়েছে। তারা ব্রিটেনের স্কুলের পাঠদান প্রক্রিয়া নিয়ে আমাকে প্রশ্ন করে। আমি তাদের বিভিন্ন কৌতূহলী প্রশ্নের উত্তর দিই।’

স্কুলে পাঠদান ও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ প্রসঙ্গে বদরুল আলম আরও বলেন, ‘নানা সীমাবদ্ধতার মাঝেও ছাত্রছাত্রীদের খুবই পড়ুয়া স্বভাবের মনে হয়েছে। তাদের জানার ইচ্ছা প্রবল এবং বড় কথা হচ্ছে, তাদের নিজস্ব তাগিদ রয়েছে। প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা। তবে বাংলাদেশের শিক্ষার্থীদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক মূল্যবোধের উদাহরণ বিশ্বের যেকোনো দেশ কাজে লাগিয়ে উপকৃত হতে পারবে বলেই আমার বিশ্বাস।’
পার্টনারশিপ নিয়ে এই প্রতিবেদকের কথা হয় জন ক্যাস স্কুলের প্রধান শিক্ষক হেইডেন ইভান্সের সঙ্গে। তিনি জানালেন, ‘খুবই কার্যকর ও সময়োপযোগী কানেক্টিং ক্লাশরুম প্রজেক্ট। ভিনদেশের স্কুলের পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের আদবকায়দা, সামাজিক আচার-আচরণসহ আরও অনেক বিষয় রয়েছে যেগুলো বিনিময়ের মাধ্যমে উভয় স্কুলের উপকৃত হওয়ার সুযোগ রয়েছে। শিক্ষক বদরুল আলমের পরিদর্শন-পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন আমাকে মুগ্ধ করেছে। তাঁর পরিদর্শন অভিজ্ঞতা আমাদের স্কুলের মান উন্নয়নে ব্যাপক কাজে লাগবে।’
উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিলের ব্যবস্থাপনায় ২০১২ সালে শুরু হওয়া কানেক্টিং ক্লাশরুম প্রকল্প যুক্তরাজ্যের স্কুলগুলোর সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের স্কুলশিক্ষক ও শিক্ষার্থীদের পরিদর্শন অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে উভয় স্কুলের শিক্ষার মানোন্নয়নে বিরাট ভূমিকা পালন করছে।
উজ্জ্বল দাস
লন্ডন, যুক্তরাজ্য