পার্টি পোশাকে রঙের ছটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমের দিনেও কমতি থাকে না নিমন্ত্রণ বা পার্টির। হোক তা বিয়ের অনুষ্ঠান কিংবা পারিবারিক দাওয়াত। এসব অনুষ্ঠানে জিনস-লেগিংসের সঙ্গে কুর্তা টপ পরলে আটপৌরে ভাব চলে আসে। আবার কম বয়সী মেয়েরা শাড়ি পরতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না। একটু বুদ্ধি খাটালেই পেয়ে যাবেন সমাধান।নিজের মতো করে তৈরি করে নিতে পারেন উজ্জ্বল রঙের সালোয়ার-কামিজ। তাতে থাকতে পারে বাহারি হাতের কাজ। সঙ্গে চুড়িদার বা লেগিংস। আর সামনে আসছে পয়লা বৈশাখ। এ ধরনের পোশাক পরে বৈশাখের প্রথম দিনেও ঘুরতে যেতে পারবেন। ফলে এক ঢিলে শুধু দু্ই পাখি নয়, তিন-চারটা পাখিও মারতে পারবেন। একই পোশাকে নানা রঙের ব্যবহার এখন জনপ্রিয়। সময়ের ট্রেন্ডও কালার ব্লক, মানে একই পোশাকে লাল, নীল বা হলুদের মতো উজ্জ্বল রঙের ব্যবহার বেশ জোরালোভাবে তুলে ধরা। স্টুডিও এমদাদের স্বত্বাধিকারী এমদাদ হক বলেন, গরমে একসময় শুধু হালকা রঙের পোশাক পরতে চাইতেন সবাই। সেখান থেকে একটু সরে এসেছেন অনেকে। লাল, কমলা, হলুদ, নীল ও সবুজের মতো উজ্জ্বল রঙের পোশাকই বেছে নিচ্ছেন সবাই। তবে গরমে সুতির পোশাকের বিকল্প কিছু নেই।কামিজে নানা ধরনের পাড় ব্যবহার করা যেতে পারে। এমনকি বাড়িতে থাকা পুরোনো টাঙ্গাইল শাড়ির পাড় কামিজে ব্যবহার করতে পারেন। পোশাকে অ্যাপ্লিক, কাচ ও প্যাচওয়ার্কের কাজ করে জমকালো ভাব আনা যেতে পারে। ওড়না হতে পারে টাইডাইয়ের। সঙ্গে চুড়িদার বা পাতিওয়ালা সালোয়ার। পাতিওয়ালা পরলে কামিজের হেমে নানা কাট দিতে পারেন। আর চুড়িদার বা সাধারণ সালোয়ার-কামিজের ঝুল হাঁটুর নিচ পর্যন্ত রাখলে ভালো লাগবে। ম্যাজেন্টা, গাঢ় বেগুনি, হলুদ, নীল, লাল-কমলা, লাল-কালো, গোলাপি নীল বা গোলাপি চাপা সাদার রঙের মিশেল ঘটিয়ে পোশাক তৈরি করতে পারেন। কনট্রাস্ট করে নিতে পারেন ওড়না।জারিফ ফ্যাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান বলেন, শুধু সুতি নয়, গরমে লিনেনের পোশাকও আরামদায়ক। বিশেষ অনুষ্ঠান এমনকি পয়লা বৈশাখে পরতে পারেন বর্ণিল পোশাক। আবার জামদানি কাপড় দিয়ে তৈরি করতে পারেন এসব পোশাক। কারচুপি, এব্রয়ডারি ও রং-বেরঙের পাইপিং দিয়ে কাজ করা যেতে পারে। পুরো কামিজে কাজ না করে হালকা ধরনের কাজ গলায় ও হাতে করতে পারেন। কামিজের হেমে সাটিনের পাইপিং ব্যবহার করলেও জমকালো দেখাবে। উজ্জ্বল রঙের পোশাকের সঙ্গে সাজটা হালকা হওয়াই ভালো। আর কম বয়সী মেয়েদের বেশি সাজলে স্নিগ্ধতা কমে যায়। ঠোঁটে উজ্জ্বল রঙের লিপস্টিক দিতে পারেন। মনোযোগী হতে হবে চোখের সাজের দিকে। কিউবেলার স্বত্বাধিকারী ফারজানা আরমান বলেন, চোখে প্রথমে কালো আইলাইনার দিয়ে তারপর তামা, কালো ও বাদামি রঙের আইশ্যাডো দিতে হবে। স্মোকি না করেও বেশ একটা স্মোকি ভাব আসবে। আর চোখের নিচে গাঢ় করে কাজল দিলে আকর্ষণীয় হয়ে উঠবে। আর চুলটা করে আঁটসাঁট করে না বেঁধে নানা ধরনের বেণি বা কেজো খোঁপা করতে পারেন।’