পার্বতী এলেন 'ন্যায়বিচারের গানে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বতী বাউল একাধারে বাউল শিল্পী, চিত্রশিল্পী এবং কথক। জীবনের বিভিন্ন পর্বে আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং বাউল ধারার দীক্ষা দুই-ই নিয়েছেন পার্বতী।
পার্বতী বাউল একাধারে বাউল শিল্পী, চিত্রশিল্পী এবং কথক। জীবনের বিভিন্ন পর্বে আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং বাউল ধারার দীক্ষা দুই-ই নিয়েছেন পার্বতী।

মা-বাবার ভিটেমাটি বাংলাদেশে হলেও কখনো এই দেশে আসা হয়নি পার্বতী বাউলের। এই প্রথম ঢাকায় এলেন গান করতে। ‘শান্তি, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার’ শিরোনামের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই ঢাকায় আসা। আগামীকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে সংগীত পরিবেশন করবেন তিনি।

সাউথ এশিয়ান উইমেন্স ডে উদযাপনকে কেন্দ্র করে ‘সাউথ এশিয়ান উইমেন্স নেটওয়ার্ক-সাংগাত’ এবং ‘উদ্যমে উত্তরণে শতকোটি—বাংলাদেশ’ নামের একটি সংগঠন যৌথভাবে এই আয়োজন করেছে। সাংগাতের সমন্বয়ক ভারতের নারীনেত্রী কমলা ভাসিন, আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানী এবং আলোকচিত্রী শহিদুল আলম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

পার্বতীর জন্ম আসামে, বেড়ে উঠেছেন পশ্চিমবাংলায়। একাধারে বাউলশিল্পী, চিত্রশিল্পী এবং কথক পার্বতী আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং বাউল ধারার দীক্ষা দুই-ই নিয়েছেন জীবনের বিভিন্ন পর্বে। অল্প বয়সে পারিবারিক পরিসরেই সংগীত ও নৃত্যে প্রাথমিক দীক্ষা হয় পার্বতীর। পরে শান্তিনিকেতনের কলা ভবন থেকে নিয়েছেন দৃশ্য-শিল্পের ডিগ্রি। পাশাপাশি একাধিক গুরুর কাছে দীর্ঘদিন ধরে বাউলসংগীত এবং বাউল জীবনাচারের দীক্ষা নিয়েছেন তিনি। পশ্চিমবাংলা তো বটেই, ভারত এবং ভারতের বাইরেও পার্বতীর কণ্ঠে বাউল গান জনপ্রিয়তা পেয়েছে। কুষ্টিয়ার লালন ফকিরের গান থেকে শুরু করে ঢাকার রজ্জব দেওয়ানের অনেক গানও করেন পার্বতী।

আমন্ত্রিত শিল্পী হিসেবে পার্বতী বাউল প্যারিস, বৈরুত ও জেনেভার সম্মানজনক আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবগুলোতে সংগীত পরিবেশন করেছেন। এ ছাড়া নিউইয়র্ক, শিকাগো, আমস্টারডাম এবং ভারমন্টের মঞ্চে নানা অনুষ্ঠানে গেয়েছেন। ঢাকার মঞ্চে সংগীত পরিবেশনের বাইরে বাংলাদেশ সফরে পার্বতীর সবচেয়ে বেশি আগ্রহ চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় পারিবারিক বসতভিটায় যাওয়া। এ ছাড়া কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন ফকিরের আখড়া বাড়িতেও যাওয়ার ইচ্ছা আছে বলে জানিয়েছেন এই শিল্পী।