পার্বতীরা তিন বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখেছিস, উইমলা! ছেলেগুলো ক্যামন ড্যাবড্যাব করে তাকাচ্ছে?’‘হু। কিন্তু তুমি তাকাচ্ছ কেন, মিহনী? মেয়েদের দেখলে তো ওরা তাকাবেই।’একপশলা মুগ্ধ হাসিতে গুন্নেদু বলল, ‘আমার কিন্তু খারাপ লাগছে না। ছেলেগুলো সুন্দর আছে...।’তিন কন্যার একে-অন্যের চোখে চোখ পড়তেই বাঁধভাঙা হাসি, পর্বতের নীরবতাভাঙা হাসি। থামেই না। হাসতে হাসতে একে-অন্যের গায়ে পড়ছে, ঝরনায় জলকেলি করছে। রূপবতীদের কিন্নরী হাসিতে অরণ্যের ঝরনায় স্বর্গীয় তাল বেজে ওঠে। এক পর্বতের গা থেকে আরেক পর্বতের গায়ে প্রতিধ্বনি হতে থাকে। এমন বসন্তদিন নীল পর্বতে আর কখনো আসেনি।সেই হাসিতে নেপিয়ান উপজাতির পথহারানো রাজপুত্ররা শুধু শিকার করতেই ভুলে গেল না, নিজেরাই শিকার হয়ে গেল। কাটুম্বা উপজাতির রাজকন্যারা ঝরনায় নিয়মিত স্নান করতে আসে, রাজপুত্ররাও রূপের মায়ায় হারিয়ে যেতে থাকে। দিনে দিনে রূপের সঙ্গে রূপের, মনের সঙ্গে মনের যোগাযোগ বাড়তে থাকে। কিন্তু এভাবে মনের কথা মনে মনে আর কত দিন বলা যায়? তাই রাজপুত্ররা বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু উজানের সঙ্গে কি ভাটির মানুষের সম্পর্ক কখনো ভালো থাকে? থাকে না। কাটুম্বা ঝরনার পানির ওপরই নেপিয়ানদের বাঁচামরা। পানির জন্য দুই উপজাতির মধ্যে যুদ্ধবিগ্রহও কম হয়নি। তা ছাড়া কাটুম্বাদের মধ্যে ভিন্নগোত্রে বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ করলে শাস্তি মৃত্যুদণ্ড।নেপিয়ান রাজপুত্ররা কোনোভাবেই তা মেনে নিতে পারে না। যেকোনো মূল্যে কাটুম্বার রাজকন্যাদেরই বিয়ে করবে। কিন্তু কাটুম্বা রাজার এককথা—প্রয়োজনে যুদ্ধ, তবু বিয়ে নয়। ভয়াবহ যুদ্ধ বেধে গেল। সেই যুদ্ধে দুই গোত্রের অনেকে নিহত হলো। যুদ্ধে যখন নেপিয়ানরা জয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখন কাটুম্বাদের এক বৃদ্ধ জাদুকর রাজকন্যাদের সম্ভ্রম রক্ষার জন্য তাদের জাদুমন্ত্রবলে পর্বতে রূপান্তর করে ফেলে। সেই থেকে তারা হয়ে গেল পার্বতী। জাদুকর ছাড়া আর কেউই জানে না কোন পর্বতগুলো সেই রাজকন্যারা? শুধু সেই জাদুকরের মন্ত্র কিংবা রাজকন্যাদের প্রকৃত প্রেমিকই পারবে রাজকন্যাদের জীবন ফিরিয়ে দিতে। কিন্তু সেই জাদুকর পরাজয়ের গ্লানি নিয়ে দাস হয়ে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যাকেই বেছে নিল।যুদ্ধ শেষে পার্বতীরা প্রেমিকদের প্রতীক্ষায় দিন গুনতে থাকে। কিন্তু প্রেমিকেরা তো আর আসে না। রাজকন্যারা পর্বত হয়ে গেলেও একে-অন্যের সঙ্গে কথা বলতে পারে। বাতাসের কানে আকাশের পানে বিরহের গান করে। চাঁদ-তারার সঙ্গে কথা বলে। রাতের আকাশে উল্কার জ্বলে ওঠা দেখে মনে মনে প্রার্থনা করে। প্রতিদিন কত কত অভিমানী কথা ঠিক করে! রাগ হয়...আবার ভুলেও যায়। আবার রাজপুত্রদের স্বপ্ন দেখে। ঝরনার জলে স্নান, জলকেলির সেই বসন্তদিনগুলো। আরও কত কী!রাজপুত্ররা বনফুল হাতে একের পর এক পর্বতের কাছে হাঁটু গেড়ে প্রেম নিবেদন করতে থাকে। কোনো পর্বতই সাড়া দেয় না। বিষাক্ত সাপ, লাল মাকড়সায় ভরা শ্বাপৎসংকুল পথ পাড়ি দিয়ে দুর্গম গিরিপথে ছুটে চলে। এক পর্বতের গুহা থেকে আরেক পর্বতের গুহায় রাত কাটায়। কিছুতেই প্রিয়তমাদের খুঁজে পায় না।ওদিকে শেষ বিকেলের কনে-দেখা আলোয় পার্বতীরা সোনার মেয়ে হয়ে বসে থাকে। প্রতীক্ষা করতে করতে বিরহ-বেদনায় নীল হয়ে যায়। অস্ট্রেলিয়ার আকাশে দ্বিগুণ বড় চাঁদ ওঠে। জ্যোৎস্নারাতে মেঘের ছায়া কখনো চাঁদের, কখনো পার্বতীদের মুখ ঢেকে দেয়। এমনই কোনো এক রাতের দ্বিপ্রহরে চাঁদ ডুবে যাওয়ার আগে আগে গুন্নেদু তার বোন মিহনীকে জিজ্ঞেস করল,‘ওরা বেঁচে আছে তো?’‘হু, আছে।’‘কীভাবে বুঝলে?’‘প্রকৃতি কি এত নিষ্ঠুর হয়!’‘ওরা কি সত্যিই আমাদের ভালোবাসে?’ ‘...বাসে।’‘কিন্তু একবারও তো বলেনি।’উইমলার আর ভালো লাগে না। তাই একটু রেগেমেগেই বলে ওঠে, ‘ভালোবাসে...না ছাই। একটুও বাসে না। তাহলে কি আর এত দিন লাগে?’কিছুক্ষণ পর আরেক বোন মিহনী একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, ‘ভালোবাসার অপেক্ষাও মধুর।’ অস্ট্রেলীয় রূপকথা ‘থ্রি সিস্টারস’ অবলম্বনে শাখাওয়াৎ নয়নঅস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে গবেষণারত।