বান্দরবানে পর্যটনবিষয়ক কর্মশালায় বক্তারা
পার্বত্য অঞ্চলে বিদেশিদের গমনে বিধিনিষেধ শিথিল করা জরুরি
বান্দরবানে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সরকারি নীতিমালার আলোকে একটি একীভূত উন্নয়ন কৌশল তৈরি করতে হবে। ইচ্ছামতো উন্নয়নের কাজ করলে এলোমেলো অবস্থার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে এ শিল্পের প্রসারে বিদেশিদের গমনে বিধিনিষেধ শিথিল করাও জরুরি।
৩ জানুয়ারি পর্যটক সেবা ও পর্যটন সম্পদ সুরক্ষায় সচেতনতামূলক কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা এ মতামত দেন। বাংলাদেশ টু্যরিজম বোর্ডের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। উপস্থিত ছিলেন টু্যরিজম বোর্ডের নির্বাহী পরিচালক আখতারুজ্জামান ফরিদ, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের ক্যাপ্টেন রাশেল।
বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ, গাইড টু্যরের ব্যবস্থাপনা পরিচালক হাসান মনসুর, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম বলেন, পর্যটন বিভাগ জেলা পরিষদে হস্তান্তরিত হলেও বাস্তবে চুক্তি এখনো কার্যকর হয়নি। এ জন্য জেলা পরিষদ কাঙ্ক্ষিত পর্যায়ে কাজ করতে পারেনি। তবে একীভূত উন্নয়ন কৌশল প্রণয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পর্যটন শিল্পের প্রসারে পার্বত্য অঞ্চলে বিদেশিদের গমনে বিধিনিষেধ শিথিল করা জরুরি।
গাইড টু্যরের এমডি হাসান মনসুর ও হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ বলেন, স্থানীয় সরকারি প্রশাসন ও সংস্থাগুলো বিদেশিদের জেলা শহরের বাইরে যেতে দিতে আগ্রহী নয়। বগালেকে এখন কোনো বিদেশি যেতে পারেন না। অথচ বিদেশি পর্যটক ছাড়া পর্যটনের প্রচার ও প্রসার সম্ভব নয়।
থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক উদ্যোগ ও এখানকার কৃষ্টি-সংস্কৃতি মূল্যবোধের ধারণ-লালনের ব্যবস্থা থাকা উচিত। এ ক্ষেত্রে উপজেলা পরিষদসহ স্থানীয় জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানকে ক্ষমতায়ন করা আবশ্যক।
সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন রাশেল বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেইছা ক্যাম্পে গাড়ি চেক করা হয়। সেটি হয়রানিমূলক হিসেবে না নিয়ে সহযোগিতামূলকভাবে নেওয়া উচিত।
কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালার আগে শোভাযাত্রা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।