পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনীতির দিন শেষ হয়ে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনীতির দিন শেষ হয়ে আসছে। এটা বুঝতে পেরে তাঁরা এখন নানা প্রলাপ বকে সরকারের সাফল্যকে অস্বীকার করছেন। লোকজনকে জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে বাধা দিচ্ছেন।
৫ মার্চ বেলা ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজা বেগম।
উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিয়া খাতুন বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা কোনো অপশক্তি রোধ করতে পারবে না। দেশ এখন স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে নারীর ক্ষমতায়ন ও সম–অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর প্রমুখ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে সাংসদ ফিরোজা বেগমকে সভাপতি ও জেলা পরিষদের সদস্য জেবুন্নেছা রহিমকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।