পার্বত্য চট্টগ্রামে কৃষি উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে বিশাল এলাকা এখনো অনাবাদি পড়ে আছে। যেটুকুতে আবাদ হচ্ছে তা-ও পরিকল্পিত নয়। তাই পার্বত্য চট্টগ্রামের মাটিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে কৃষি উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনা হবে। কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শওকত মোমেন শাহজাহান এ পরিকল্পনার কথা জানান। তিনি ১২ অক্টোবর কাপ্তাইয়ের রাইখালীতে অবস্থিত রাঙামাটি জেলা কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করে উপস্থিত কৃষক ও অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ নাজনীন সুলতানা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. আবদুর রহিম, এশিয়া ফাউন্ডেশনের সংসদীয় প্রকল্প পরিচালক ক্যাথরিন সিসিলি এবং কৃষি গবেষণা কেন্দ্র রাইখালীর কর্মকর্তা এ কে এম হারুনর রশিদ।শওকত মোমেন শাহজাহান বলেন, কৃষির উন্নয়নে গবেষণা ও নতুন জাত উদ্ভাবনসহ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে একাধিক নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। সংসদীয় কমিটির সদস্যরা কৃষি গবেষণা কেন্দ্রের ড্রাগন ফলের বাগান দেখে মুগ্ধ হন। পরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কৃষি উন্নয়নবিষয়ক মতবিনিময় করেন কমিটির সদস্যরা।