পার্বত্য চট্টগ্রামে চলছে সড়ক ও নৌপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ষষ্ঠ অনুচ্ছেদ বাতিল এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই অবরোধের ডাক দিয়েছে। গতকাল বুধবার তিন পার্বত্য জেলায় ও আজ রাঙামাটি ও খাগড়াছড়িতে এই কর্মসূচি চলছে। অবরোধের কারণে গতকাল খাগড়াছড়ি জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। আন্তজেলা ও জেলার অভ্যন্তরের সড়কগুলোতে যানবাহন চলাচল করেনি। শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হলেও গুইমারা থানা এলাকার বুদুমপাড়ায় পিকেটাররা নিরাপত্তা বাহিনীর মালামাল পরিবহনে নিয়োজিত একটি ট্রাকে ইটপাটকেল ছোড়ে। এতে ট্রাকটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।এদিকে প্রশাসন অবরোধ কর্মসূচির কারণে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। শহর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বলেন, ‘সারা জেলায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব জায়গায় শান্তি বিরাজ করছে। তবে মাটিরাঙ্গা উপজেলার অবরোধকারীরা একটি ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করেছে।’ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক প্রদীপন খীসা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সফল করতে যানবাহন-চালকদের সহযোগিতা কামনা করছেন।ইউপিডিএফের নেতারা বলেন, ‘সংখ্যালঘু জাতিসত্তার ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়া ও সংখ্যালঘুদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।’এর আগে একই দাবিতে তিন পার্বত্য জেলায় ইউপিডিএফ ১২ জুলাই মানববন্ধন এবং ১৪ জুলাই ছাত্রধর্মঘট কর্মসূচি পালন করেছে।