পার্বত্য চট্টগ্রামে শিক্ষাকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান
শিক্ষাকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা নেওয়ার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতি আহ্বান জানিয়েছেন বান্দরবানের সুশীল সমাজের লোকজন। সম্প্রতি সংস্থাটির সফররত প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় তাঁরা এ আহ্বান জানান।
২৭ নভেম্বর বান্দরবান সফররত ইউএনডিপি ও দাতাগোষ্ঠীর উন্নয়ন সমীক্ষা দলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। সমীক্ষা দলটি পার্বত্য চট্টগ্রামে সাত বছর মেয়াদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য সম্ভাব্যতা যাচাই করতে ২৩ থেকে ২৮ নভেম্বর তিন পার্বত্য জেলা সফর করছে।
ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিলের (সিএইচটি-ডিএফ) পরামর্শক প্রসেনজিৎ চাকমা বলেন, উন্নয়ন সমীক্ষা দলটি তিন পার্বত্য জেলায় বিভিন্ন লোকজনের সঙ্গে মতবিনিময় করেছে। প্রাপ্ত ধারণা থেকে ২০১৫ থেকে ২০২২ সালের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।
বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় ইউএনডিপির পরামর্শক দল ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুশীল সমাজের মধ্যে ছিলেন বান্দরবান কলেজের সাবেক অধ্যক্ষ থানজামা লুসাই, বোমাং রাজপুত্র চহ্লাপ্রু, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, বান্দরবান সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু তাহের ভূঁইয়া, বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের সভাপতি জুয়ামলিয়ান আমলাই বম, সিডিসির নির্বাহী পরিচালক জিরকুং সাহু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রি মারমা প্রমুখ।
ইউএনডিপির সমীক্ষা দলের কাছে সুশীল সমাজের ব্যক্তিরা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সম্পদশালী-দরিদ্র অভিহিত করে বলেন, একমাত্র শিক্ষাকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই এ দারিদ্র্য দূর করা সম্ভব। এ জন্য আট-দশটি পাড়ার সমন্বয়ে একেকটি শিক্ষাগুচ্ছগ্রাম গঠন করে আবাসিক বিদ্যালয় গড়ে তুলতে হবে। সেই আবাসিক বিদ্যালয়কে কেন্দ্র করে ওই শিক্ষাগুচ্ছগ্রামের যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।