পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন চলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পার্বত্য চট্টগ্রামে কোনো সেনাশাসন চলছে না। এলাকার জনসাধারণের শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে সেনাবাহিনী কার্যক্রম চালাচ্ছে।’ গত ২৮ সেপ্টেম্বর জুরাছড়ি উপজেলায় এক মতবিনিময় সভায় চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. আসহাব উদ্দিন এসব কথা বলেন।মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, মৌজাপ্রধান, গ্রামপ্রধান, সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর বনযোগীছড়া জোন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মেজর জেনারেল আসহাব উদ্দিন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কাজ সেনাবাহিনী অতীতে করেনি, বর্তমানেও করছে না।’ বর্তমান সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে বদ্ধপরিকর উল্লেখ করে জিওসি বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। কিন্তু পার্বত্য এলাকায় একশ্রেণীর স্বার্থান্বেষী মানুষ এ চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে।’সরকার পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন ত্বরান্বিত করতে তৎপর বলে তিনি উল্লেখ করেন। তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।মতবিনিময় সভায় জুরাছড়ি উপজেলার চেয়ারম্যান প্রবর্তক চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকসহ হেডম্যান কার্বারি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জিওসি মেজর জেনারেল আসহাব উদ্দিন স্থানীয় ১৪ জন নারীকে সেলাই মেশিন, চারটি বিদ্যালয়ে বিভিন্ন খেলাধুলার সামগ্রী, ১০টি দুস্থ ও অসহায় পরিবারের নারীদের ১০টি করে হাঁস, ১০ জন নারীকে থামি, পাঁচজনকে লুঙ্গি, তিন নবদম্পতিকে উপহার এবং ৩০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী ও ১০০ জনকে ছাতা উপহার দেন।