পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনে অগ্রগতি নেই
পার্বত্য চট্টগ্রামের শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে চুক্তির পরপরই ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্স ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের পুনর্বাসনে কিছু পদক্ষেপ নিলেও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের তালিকা প্রকাশ ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পার্বত্যচুক্তি বাস্তবায়িত না হওয়া, অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে বাঙালিদের অন্তর্ভুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রমে অচলাবস্থার কারণে উদ্বাস্তুদের পুনর্বাসন সম্ভব হচ্ছে না।জানা যায়, ১৯৭৫ পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংঘাত, কাউন্টার ইনসার্জেন্সি আর সমতল থেকে সরকারিভাবে লোকজন পুনর্বাসনের কারণে দুই যুগেরও বেশি সময় আদিবাসীরা এক স্থান থেকে উচ্ছেদ হয়ে অন্য স্থানে আশ্রয় নেয়। উদ্বাস্তু হওয়া এসব পরিবারের একাংশ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিলেও বড় অংশ দেশের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়ে বসবাস করে। সরকারি হিসেবে এসব পরিবারের মধ্যে আদিবাসী ৯০ হাজার ২০৮ এবং বাঙালি ৩৮ হাজার ১৫৬টি। পরিবারগুলোকে পার্বত্যচুক্তিতে অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে চিহ্নিত করা হয়। ১৯৯৭ সালে সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সমস্যার রাজনৈতিক ও স্থায়ী সমাধানের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।অভ্যন্তরীণ উদ্বাস্তু কারা: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাস্কফোর্সের একাধিক সভায় আলোচনার পর ১৯৯৮ সালের ২৭ জুন খাগড়াছড়ি সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় উদ্বাস্তুদের সংজ্ঞা নির্ধারণ করা হয় এভাবে ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯২ সালের ১০ আগস্ট (অস্ত্র বিরতির শুরুর দিন পর্যন্ত) পার্বত্য চট্টগ্রামে (খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান) দীর্ঘ অশান্ত ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে যে সব উপজাতি নিজ গ্রাম, মৌজা, অঞ্চল ত্যাগ করে স্বদেশের মধ্যে অন্যত্র চলে গেছেন বা চলে যেতে বাধ্য হয়েছেন তাঁরা অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে বিবেচিত হবেন।’জানা যায়, এ বছরের ২৬ জানুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারের পক্ষ থেকে টাস্কফোর্সে জেলা প্রশাসকদের অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির প্রতিনিধিরা এতে দ্বিমত পোষণ করে বলেন, এ ধরণের সদস্য অন্তর্ভুক্ত করা পার্বত্যচুক্তির লঙ্ঘন। এরপর থেকে টাস্কফোর্সের আর কোনো সভা হয়নি। উদ্বাস্তু পরিবারের তালিকা : পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটি প্রতিবেদনে জানা যায়, ২০০০ সালের ১৫ মে অনুষ্ঠিত টাস্কফোর্সের একাদশ সভায় অভ্যন্তরীণ উদ্বাস্তুদের জেলা ভিত্তিক আদিবাসী ও বাঙালি পরিবারের সংখ্যা ঘোষণা করা হয়। এতে আদিবাসী পরিবারের সংখ্যা দেখানো হয় রাঙামাটিতে ৩৫ হাজার ৫৯৫, বান্দরবানে আট হাজার ৪৩ ও খাগড়াছড়িতে ৪৬ হাজার ৫৭০টি এবং বাঙালি পরিবারের সংখ্যা রাঙামাটিতে ১৫ হাজার ৫১৬, খাগড়াছড়িতে ২২ হাজার ৩৭১ ও বান্দরবানে ২৬৯টি। এ সময় উদ্বাস্তু পরিবারগুলোর জন্য চার দফা প্যাকেজ সুবিধাও ঘোষণা করা হয়। জনসংহতি সমিতি ও টাস্কফোর্স সূত্রে জানা যায়, তালিকা প্রকাশের সময় জনসংহতি সমিতি ও শরণার্থী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে বাঙালিদের অন্তর্ভুক্তির প্রতিবাদ করা হয়। কিন্তু টাস্কফোর্সের তৎকালীন চেয়ারম্যান দীপংকর তালুকদার সিদ্ধান্তে অটল থাকায় জনসংহতি ও শরণার্থী প্রতিনিধি দ্বাদশ সভা থেকে অনুপস্থিত থাকেন। ফলে টাস্কফোর্সের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়।জনসংহতি ও শরণার্থী কল্যাণ সমিতির বক্তব্য : টাস্কফোর্সের জনসংহতি সমিতির প্রতিনিধি লক্ষ্মী প্রসাদ চাকমা ও ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির প্রতিনিধি সন্তোষিত চাকমা মনে করেন, সরকারের সদিচ্ছার অভাবে অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন কার্যক্রম এগুচ্ছে না। পার্বত্যচুক্তি মোতাবেক উদ্ধাস্তুদের তালিকা প্রণয়ন এবং ভূমি কমিশনের পার্বত্যচুক্তি বিরোধী ধারাগুলো সংশোধন করে ভূমি সমস্যা সমাধান করা গেলে উদ্বাস্তুরা স্ব স্ব জায়গায় পুনর্বাসিত হতে পারবেন।চেয়ারম্যানের বক্তব্য : টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, টাস্কফোর্সের সদস্যদের মধ্যে কিছু বিষয়ে মতভিন্নতা থাকায় এবং প্রকৃত উদ্বাস্তু যাচাই বাছাইয়ের পদ্ধতি নির্ধারণ না হওয়ায় কাজ এগুচ্ছে না। আগামী সভায় এসব বিষয় সমাধান হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।