পার্বত্য চুক্তি বাস্তবায়নে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চুক্তি পরিবীক্ষণ ও বাস্তবায়ন কমিটি, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন দ্রুত পুনর্গঠন করা হয়। পাশাপাশি সেনাক্যাম্প প্রত্যাহারসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। একই সময় সরকারের উচ্চপর্যায়ে চুক্তি বাস্তবায়ন বিষয়ে বার বার বক্তব্য দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আশার সৃষ্টি হয়। কিন্তু এসব উদ্যোগ হঠাৎই স্থবির হয়ে পড়ে। বর্তমানে কোনো বিষয়েই দ্রুত অগ্রগতির কোনো সুষ্পষ্ট আভাস দেখা যাচ্ছে না। সরকারের কয়েকটি মহলের আন্তরিকতার অভাবে পার্বত্য চুক্তি বাস্তবায়নে দেরি হচ্ছে বলে জনসংহতি সমিতির অভিযোগ। অপরদিকে সরকারের পক্ষ থেকেও পার্বত্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি আশানুরূপ নয় বলে স্বীকার করা হয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটিবর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ২৫ মে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি পুনর্গঠিত হওয়ার পর গত বছরের ১৯ আগস্ট রাঙামাটিতে এবং ২৬ অক্টোবর ঢাকায় জাতীয় সংসদ ভবনে দুবার বৈঠক হয়। সর্বশেষ বৈঠকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। কিন্তু পরবর্তীকালে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জনসংহতি সমিতির অভিযোগ, সরকারি তরফে কমিটির নিয়মিত সভা আয়োজন, চুক্তি বাস্তবায়ন তদারকি বিষয়ে গুরুত্ব না দেওয়ায় নিয়মিত সভা হচ্ছে না। এক বছরের বেশি সময় চুক্তি বাস্তবায়ন কমিটির কোনো সভা না হওয়ায় চুক্তি বাস্তবায়ন কার্যক্রম স্থবির হয়ে রয়েছে।ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সপার্বত্যচুক্তি অনুযায়ী তিন পার্বত্য জেলার অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তুদের চিহ্নিত করে টাস্কফোর্সের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে। ২০০৯ সালের ২৩ মার্চ খাগড়াছড়ি থেকে নির্বাচিত সরকার দলীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে টাস্কফোর্স পুনর্গঠন করা হয়। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১২ হাজার ২২২ পরিবারের ৬৪ হাজার ৬০৯ জন পাহাড়ি শরণার্থী দেশে ফিরে আসেন। টাস্কফোর্সের মাধ্যমে শরণার্থীদের অধিকাংশ অর্থনৈতিক সুযোগ সুবিধাদি দেওয়া হয়েছে। শরণার্থীরা এখনো সরকার থেকে রেশন পাচ্ছেন বলে জানা গেছে।তবে জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির অভিযোগ, তাঁদের ৯ হাজার ৭৮০ পরিবার ধানি জমি, বাগান-বাগিচা ও বাস্তুভিটা ফেরত পায়নি। জায়গা-জমি ও ৪০টি গ্রাম এখনো স্যাটেলারদের দখলে রয়েছে। এ ছাড়া ৮৯০ পরিবার হালের গরুর টাকা পায়নি।অস্থায়ী সেনা ছাউনি প্রত্যাহারপার্বত্যচুক্তির শর্ত অনুযায়ী জনসংহতি সমিতির সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পর বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং তিন জেলা সদরে তিনটি এবং আলীকদম, রুমা ও দীঘিনালায় ছয়টি স্থায়ী সেনানিবাস প্রত্যাহার করা হবে। এ ছাড়া সামরিক বাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সব অস্থায়ী ক্যাম্প পর্যায়ক্রমে স্থায়ী সেনানিবাসে ফেরত নেওয়া হবে। জনসংহতি সমিতির হিসাব অনুযায়ী তিন পার্বত্য জেলায় পাঁচ শতাধিক ক্যাম্প রয়েছে। চুক্তি সইয়ের পর মাত্র ৩১টি ক্যাম্প প্রত্যাহারের চিঠি জনসংহতি সমিতির কাছে পাঠানো হয়েছে। কিন্তু সরকারের দাবি এ পর্যন্ত দুই শতাধিক ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একটি ব্রিগেডসহ ৩৫টি অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার করার কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।পার্বত্য জেলা পরিষদে বিষয় বিভাগ হস্তান্তর ও নির্বাচনপার্বত্যচুক্তিতে পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) পরিষদসমূহকে সরকারি ৩৩টি বিষয় হস্তান্তরের বিধান আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে ৬৮টি কর্ম রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা, পুলিশ (স্থানীয়), ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, মাধ্যমিক ও মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা, রক্ষিত নয় এমন বন ও পরিবেশ, পর্যটনসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ বিভাগ হস্তান্তর করা হয়নি। অপরদিকে পার্বত্য জেলা পরিষদগুলোকে চুক্তিতে জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে রাখার বিধান থাকলেও পার্বত্যচুক্তির পর নানা আইনি জটিলতায় কোনো নির্বাচন না হওয়ায় পরিষদগুলো সরকারি দলের নেতা-কর্মীদের পুনর্বাসনকেন্দ্র হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। রাঙামাটি জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, পরিষদগুলো যতদিন সরাসরি ভোটে নির্বাচিত সব সমপ্রদায়ের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত না হবে ততদিন জনগণ পার্বত্যচুক্তি তথা পরিষদব্যবস্থা প্রবর্তনের সুবিধা পাবে না।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ: ১৯৯৯ সালের মে মাসে অন্তর্বর্তীকালীন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে। কিন্তু সরকার এখনো পরিষদের কার্যবিধিমালা প্রণয়নের কার্যক্রম ঝুলিয়ে রেখেছে। ফলে আঞ্চলিক পরিষদ ক্ষমতা ও দায়িত্ব যথাযথভাবে কার্যকর করতে পারছে না।