পার্বত্য চুক্তির নিদর্শন সেই টেবিলটি প্রদর্শিত হবে
পার্বত্য চুক্তির নীরব সাক্ষী ১২ ফুট দীর্ঘ ও ছয় ফুট প্রস্থের সেই ‘টেবিলটি’ স্বাধীনতা দিবসে প্রদর্শিত হবে। পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অনিল চন্দ্র চাকমা জানান, সেনাবাহিনীর সদস্যরা ১৪ মার্চ ইউনিয়নের হলরুম থেকে টেবিলটি নিয়ে গেছেন।এ ব্যাপারে পানছড়ি উপজেলার ২০ বিজিবির লোগাং জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডারের পক্ষে মেজর মোহাম্মদ আনোয়ারুল মাযহার চেংগী ইউপি চেয়ারম্যানের কাছে প্রদর্শনীর জন্য টেবিলটি ধার চেয়ে একটি চিঠি লিখেছেন। লোগাং জোনের ২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুল রহমান প্রথম আলোকে বলেন, খাগড়াছড়ি ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে ২৪ থেকে ২৬ মার্চ খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে স্বাধীনতা উত্তর সামরিক বাহিনী ও অন্যান্য বাহিনীর অবদান এবং পার্বত্য চুক্তির স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তাই পার্বত্য চুক্তির প্রথম বৈঠকের একমাত্র নিদর্শন স্মারক হিসেবে বিজিবির পক্ষ থেকে টেবিলটি চাওয়া হয়েছে এবং প্রদর্শনীর জন্য আনা হয়েছে।গত ২৯ নভেম্বর আলোকিত চট্টগ্রামে পার্বত্য চুক্তির প্রথম বৈঠকের একমাত্র নিদর্শন স্মারক হিসেবে টেবিলটি নিয়ে ‘একটি টেবিলের কাহিনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে জেলা উপজেলার বিভিন্ন প্রশাসনের সংবাদটি নজরে আসে। তাই পার্বত্য চুক্তির প্রথম বৈঠকের একমাত্র স্মারক হিসেবে টেবিলটি প্রদর্শনীর জন্য নেওয়া হচ্ছে বলে পানছড়ি লোগাং জোনের বিজিবি সূত্রে জানা গেছে। চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা প্রথম আলোকে বলেন, ১৯৮৫ সালের ২১ অক্টোবর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এ টেবিলে প্রথম বৈঠক হয়।