‘পার্বত্য এলাকার অনগ্রসর আদিবাসীদের স্বশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে পার্বত্য আঞ্চলিক পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদ গঠন করা হলেও সাফল্য আসছে না। পার্বত্য চট্টগ্রাম ও এখানকার মানুষ সম্পর্কে সামরিক-বেসামরিক আমলাদের বৈরী দৃষ্টিভঙ্গি, নির্বাচন না হওয়া, দলীয় বিবেচনায় চেয়ারম্যান-সদস্য মনোনীত করাসহ নানা কারণ পরিষদগুলোর লক্ষ্য অর্জনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।’ ৩ ও ৪ ফেব্রুয়ারি বান্দরবানে ‘পার্বত্য জেলা পরিষদের রূপকল্প নির্ধারণ, কর্মপরিকল্পনা প্রণয়ন ও লক্ষ্য অর্জন’ শীর্ষক কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী, সাংবাদিক, সামাজিক নেতা ও জনপ্রতিনিধিরা এ মত প্রকাশ করেন।ইউএনডিপির সহযোগিতায় জেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবিএম নাসিরুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। আরও বক্তব্য দেন পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য মো. শফিকুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, মংসানু চৌধুরী, বোমাং রাজার প্রতিনিধি চহ্লাপ্রু জিমি প্রমুখ । জেলা প্রশাসক মিজানুর রহমান পার্বত্য জেলা পরিষদগুলোর রূপকল্প ও লক্ষ্য অর্জনের বাধাসমূহ তুলে ধরে বলেন, ‘১৯৮৯ সালের স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন করে ১৯৯৮ সালে সংশোধিত জেলা পরিষদ আইন করা হয়েছে। কিন্তু এখনো পরিষদ আইন প্রজ্ঞাপন জারি করে বলবত্ করা হয়নি। এ অবস্থায় তিন পার্বত্য জেলা পরিষদ শুধু পার্বত্য মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তের (রেজুলেশনের) ভিত্তিতে চলছে।’ জেলা প্রশাসক বলেন, ‘তিন পার্বত্য জেলা প্রশাসন ১৯০০ সালের পার্বত্য শাসনবিধি অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। কিন্তু জেলা পরিষদ আইনের সঙ্গে ব্রিটিশআমলে প্রণীত পার্বত্য শাসনবিধির অনেক সাংঘর্ষিক বিষয় রয়েছে। এ জন্য জেলা পরিষদের সঙ্গে জেলা প্রশাসনের সমন্বয়মূলক সম্পর্কের সুষ্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন। জনপ্রতিনিধি, সামাজিক নেতা, উন্নয়নকর্মী ও সাংবাদিকেরা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম নিয়ে রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের বিশেষ করে সামরিক ও বেসামরিক আমলাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব নয়। আর চুক্তি বাস্তবায়ন না হলে পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদগুলো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।’ কর্মশালায় পার্বত্য জেলা পরিষদের লক্ষ্য অর্জন ও সমস্যা সমাধানের কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে দ্রুত পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন, জেলা পরিষদ আইনের সঙ্গে ১৯০০ সালের পার্বত্য শাসন বিধির সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধন, জেলাভিত্তিক উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন, একীভূত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকারগুলো (উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পার্বত্য মন্ত্রণালয়ে হস্তান্তর ইত্যাদি।