পার্বত্য জেলা পরিষদগুলো দলীয় প্রভাবমুক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পরিচালনা ও দলীয় প্রভাবমুক্ত করা না গেলে পার্বত্য জেলা পরিষদগুলো প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে না। পার্বত্য মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সমন্বয়ের ব্যবস্থা করা না গেলে স্থানীয় জনসাধারণের উন্নয়ন ও চাহিদা পূরণ অসম্ভব হয়ে পড়বে। ৪ অক্টোবর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) আয়োজনে ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ অভিমত দেন। পরিষদের সাবেক চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে কর্মশালায় সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান বলেন, ‘‘সরাসরি নির্বাচিত বিভিন্ন সমপ্রদায়ের ৩৪ জন প্রতিনিধির পরিবর্তে পাঁচজনের অন্তর্বর্তীকালীন পরিষদ সৃষ্টি করে এক যুগেরও বেশি সময় ধরে পার্বত্য জেলা পরিষদগুলো পরিচালনা করা হচ্ছে। পরিষদগুলোর চেয়ারম্যান ও সদস্যপদগুলো সব সরকার দলীয় ‘পুরস্কার’ হিসেবে ব্যবহার করছে।’’সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা বলেন, ‘পার্বত্য জেলা পরিষদে জনবল কাঠামো ও বরাদ্দ বাড়ানো না হলে সুষ্ঠুভাবে উন্নয়নকাজ করা সম্ভব নয়।’অপর সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোর সবচেয়ে বড় দুর্বলতা দলীয় প্রভাব। অংশগ্রহণমূলক সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে কাজ পরিচালনা করার ওপর তিনি গুরুত্ব দেন।