২০০৬ সালে প্রতিষ্ঠার খুব অল্প সময়ের মধ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সব পাবলিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করতে শুরু করে। সেই সঙ্গে সহপাঠ্যক্রমিক কার্যাবলিতেও দারুণ সাফল্য দেখিয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসএসসি, এইচএসসি ফলাফলের পাশাপাশি ‘গণিত অলিম্পিয়াড’ কিংবা ‘মার্কস অলরাউন্ডার’-এর মতো বড় বড় আসরেও তাদের দুর্দান্ত প্রতিভার স্বাক্ষর এ প্রতিষ্ঠানকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। যার ফলে খাগড়াছড়ি ফাউন্ডেশন এ প্রতিষ্ঠানকে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়েছে।উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী আজমাইন ফায়েক বড় হয়ে নিজেকে একজন প্রকৌশলী হিসেবে দেখতে চায়। ফায়েক জানায়, সেই স্বপ্নপূরণের পথ সহজ করার জন্য সে ভর্তি হয়েছে এখানে। অন্য কোনো প্রতিষ্ঠান বাদ দিয়ে এখানে কেন—এ প্রশ্নের জবাবে সে বলে, ‘এখানকার সুশৃঙ্খল পরিবেশ, নিয়মকানুন—সবকিছুই আমাকে আকর্ষণ করে, তাই বেছে নিয়েছি এ কলেজকে।’এ কলেজের আরেক শিক্ষার্থী পারভীন আক্তার স্বপ্ন দেখে একদিন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে নিজেকে গড়ে তোলার। শুধু তা-ই নয়, প্রিয় এই ক্যাম্পাসকে নিয়েও রয়েছে তার অনেক স্বপ্ন। জানায় সেই স্বপ্নের কথাও, ‘একদিন অনেক বড় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এটি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব জানবে এ কলেজের সাফল্য।’লাইব্রেরি, হোস্টেল, ক্যানটিন, মিলনায়তন, খেলার মাঠ, পরিবহনসহ সব ক্ষেত্রেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা আছে এ কলেজে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের এখান থেকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা দেওয়া হয়। মানসম্পন্ন পাঠদানের জন্য এখানে রয়েছে পর্যাপ্ত শিক্ষক। শিক্ষক ও কর্মচারীদের জন্য রয়েছে আধুনিক আবাসন-সুবিধা। তবু কিছু চাহিদা রয়েছে এখানকার শিক্ষার্থীদের।উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী লাকি চাকমা, রাহিফ ইসলাম সিদ্দিকী ও তন্বী চাকমা জানায়, একটি কম্পিউটার ল্যাব এবং একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খুব দরকার তাদের। এটি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে তাদের আরও সহায়ক হবে বলে তারা জানায়।পার্বত্য অঞ্চলে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের লক্ষ্যে ২০০৬ সালের ১ জানুয়ারি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের যাত্রা শুরু। পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন এ শিক্ষাপ্রতিষ্ঠানটি।সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাজনীতিমুক্ত, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে এখানকার শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর নাসিরুল ইসলাম মীর বলেন, ‘খুব বেশি বয়স হয়নি এ কলেজটির; তাই সবকিছু ঠিকমতো গড়ে তুলতে একটু সময় লাগবে। তবে ইতিমধ্যেই কম্পিউটার বিষয় খোলার অনুমোদন পাওয়া গেছে এবং কম্পিউটার ল্যাব কিছুদিনের মধ্যে চালু হতে যাচ্ছে।’ এ ছাড়া এই প্রতিষ্ঠানকে একটি আধুনিক ও উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ার স্বপ্নের কথাও জানাতে ভোলেননি তিনি।শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক কেমন জানতে চাইলে রাহিফ ইসলাম সিদ্দিকী বলে, ‘আমাদের শিক্ষকেরা খুব আন্তরিক। যেকোনো ধরনের পরামর্শ পাই আমরা তাঁদের কাছ থেকে।’অনেক স্বপ্ন এ প্রতিষ্ঠানকে ঘিরে এখানকার শিক্ষার্থী থেকে শুরু করে সব মানুষের। কথা হলো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মামুন অর রশীদ পিএসসির সঙ্গে। এ শিক্ষানুরাগীর কাছ থেকেও শুনলাম প্রতিষ্ঠানটি নিয়ে তাঁর স্বপ্নের কথা। ইতিমধ্যেই তিনি শিশুদের জন্য একটি শিশুপার্ক স্থাপনের কাজে হাত দিয়েছেন। তিনি মনে করেন, প্রতিটি শিশুর কাছে যেন মনে হয় প্রতিষ্ঠানটি তার শুধু লেখাপড়ারই নয়, বিনোদনেরও স্থান। ছাত্রছাত্রীরা যেন মানসিক প্রশান্তির মাধ্যমে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে, সেদিকে লক্ষ রেখে তিনি সহপাঠ্যক্রমিক কার্যাবলির ওপরও গুরুত্বারোপ করেন। তিনি জানান, এ প্রতিষ্ঠানকে এখনো এমপিওভুক্ত করা হয়নি। তাই তিনি এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছেন।