পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনী নিয়ে অস্থিরতা
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১ সংশোধনী নিয়ে আবারও অস্থিরতা শুরু হয়েছে। সংশোধনীর বিষয়ে বিভিন্ন বাঙালি সংগঠন একের পর এক কর্মসূচি দিচ্ছে। আদিবাসী সংগঠনগুলো এখনো মুখ না খুললেও কেউ কেউ আশঙ্কা করছেন, এই সংশোধনীর মাধ্যমে সমস্যার সমাধান হবে না। গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর সংশোধনী নীতিগতভাবে অনুমোদন লাভ করে। পরে ৩ জুন মন্ত্রিসভা তা চূড়ান্ত অনুমোদন দেয়। এদিকে পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের নীতিগত অনুমোদন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন বাঙালি সংগঠন ইতিমধ্যে তিন পার্বত্য জেলায় এক দিন অবরোধ ও এক দিন সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছে। ২ জুন সংশোধনীর অনুমোদন প্রত্যাহার ও সম-অধিকার আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের দাবিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের বরাবর স্মারকলিপি দেয় বাঙালি সংগঠনগুলো। এ ছাড়া অনুমোদিত সংশোধনী বাতিলের দাবিতে আজ রোববার থেকে টানা তিন দিনের হরতাল কর্মসূচি পালনের হুমকি দিয়েছে বাঙালি সংগঠনগুলো। ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাস হয়। পার্বত্য ভূমি কমিশন নামে পরিচিত এই আইনটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে ২৩টি ধারা পার্বত্য চুক্তির সঙ্গে বিরোধাত্মক বলে অভিযোগ করে তা সংশোধনের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। এ ব্যাপারে ১১ বছর ধরে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের দেনদরবার চলে। পরে ২০১২ সালের ৩০ জুলাই সংসদ উপনেতা ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের সভায় ১৩টি ধারা সংশোধনের প্রস্তাব গৃহীত হয়। কিন্তু পরবর্তী সময়ে আঞ্চলিক পরিষদের প্রতিনিধিত্ব ছাড়াই ওই ১৩ দফা সংশোধনীর আরও এক দফা সংশোধন করে মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘আন্তমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী যদি সংশোধনীটি জাতীয় সংসদে পাস করা হয়, তাহলে আমরা অবশ্যই স্বাগত জানাব। কিন্তু সেটা পরিবর্তন করে আইনটি সংশোধন করা হলে সমস্যা সমাধানের পরিবর্তে আরও জটিল আকার ধারণ করবে। অনেকে এ আইনটির মাধ্যমে পাহাড়ি-বাঙালির মধ্যে সৃষ্ট সমস্যা অবসানের কথা বলছেন। আসলে এখানে পাহাড়ি-বাঙালি বিষয় নয়, বিষয়টি ন্যায়বিচারের। আমরা চাই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।’ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা বলেন, ‘১৩ দফা থেকে কিছু বিষয় বাদ দিয়ে সংশোধনীটি মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে। তাই আইনটি সংশোধনের পরও ৭০ শতাংশ ভূমির বিরোধ নিষ্পন্ন হবে না।’ অপরদিকে গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত আটটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথাগত ভূমি আইন না মেনে ভূমি কমিশন আইন সংশোধন করা হলে সমস্যার সমাধান হবে না। বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যার সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধানের স্বার্থে সংবিধানে প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি, ভূমি কমিশন আইনে ‘পার্বত্য চট্টগ্রামে প্রচলিত আইন, রীতি ও পদ্ধতি’র যথাযথ ব্যাখ্যা এবং ভূমিবিরোধ নিষ্পত্তির শুনানিতে হেডম্যান ও কার্বারিদের লিখিত মতামত গ্রহণ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে।