পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর অপসারণ দাবি করেছেন তিন পার্বত্য জেলার বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক নেতা। রাঙামাটিতে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় এ দাবি জানানো হয়। গত শুক্র ও শনিবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি গৌতম দেওয়ান দাবির বিষয়টি নিশ্চিত করেছেন। এটি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও বাঙালি স্থায়ী বাসিন্দাদের সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন। তিন পার্বত্য জেলার শতাধিক নেতা সর্বসম্মতভাবে ভূমি সমস্যা সমাধানের বিষয়ে একটি ঘোষণাপত্রও তৈরি করেছেন। তা মন্ত্রণালয় ও সরকারি বিভাগে পাঠানো হবে বলে জানান গৌতম দেওয়ান। এ ব্যাপারে যোগাযোগ করেও পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের সঙ্গে কথা বলা যায়নি। তবে কমিশনের সচিব আবদুল হামিদ জানান, আজ (২৯ জুলাই) কমিশনের চেয়ারম্যান রাঙামাটি সফরে আসছেন। তিনি কমিশনের সব সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানেই সব প্রশ্নের জবাব দেবেন। বিধিসম্মতভাবে কমিশন সদস্যদের কাছে চিঠি এবং চেয়ারম্যানের সফরসূচি পাঠানো হয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত, পার্বত্য ভূমি কমিশনের দুই গুরুত্বপূর্ণ সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ও চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায় বেশ কিছু দিন ধরে বিভিন্ন সমাবেশে অভিযোগ করে আসছেন, কমিশনের চেয়ারম্যান তাঁদের কাছে বিধি মোতাবেক চিঠি না পাঠানোর কারণে তাঁরা কমিশনের সভায় যোগ দেন না। কর্মশালার ঘোষণাপত্রে বলা হয়েছে, পার্বত্যচুক্তি যথাযথ বাস্তবায়নের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান নিহিত। তাই পার্বত্যচুক্তির মাধ্যমে ভূমি সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। ঘোষণাপত্রে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত ছাড়াই ভূমি জরিপের ঘোষণা ও বিরোধ নিষ্পত্তির দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এতে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ আরও জটিল আকার ধারণ করবে।ঘোষণাপত্রে দেশের সামগ্রিক স্বার্থে এবং পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও উন্নয়নে সরকারের কাছে দ্রুত পার্বত্যচুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়। ঘোষণাপত্রের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রস্তাব অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধন, কমিশনের বিধিমালা প্রণয়ন, আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতিদান, কমিশন চেয়ারম্যান ঘোষিত ভূমি জরিপের সিদ্ধান্ত বাতিল করে পদ্ধতিগতভাবে কমিশনের কাজ শুরু করা ইত্যাদি। কর্মশালায় তিন পার্বত্য জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রথাগত নেতা (রাজা, হেডম্যান, কারবারি) সামাজিক নেতা, আইনজীবী, উন্নয়নকর্মী, নারী অধিকার কর্মী, ভারত থেকে ফিরে আসা শরণার্থী নেতা, নাগরিক সমাজের নেতারা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলন, কাপেং ফাউন্ডেশন ও খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। বিশেষ অতিথি ছিলেন চাকমা রাজা দেবাশীষ রায় ও বোমাং রাজার প্রতিনিধি রাজকুমার চহ্লা প্রু জিমি।