রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে চলছে ‘পার্বত্য চট্টগ্রাম মেলা ২০২১’। পার্বত্য অঞ্চলের পোশাক, চাদর, গয়না, তৈজসপত্র, প্রসাধনসামগ্রী, পাহাড়ি ফলমূল থেকে শুরু করে আছে নানা স্বাদ–বৈচিত্র্যের পাহাড়ি খাবারের স্টল। মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
বাঁশের চোঙায় চা
মেলায় বিভিন্ন স্টলেই ছিল চায়ের ব্যবস্থা। তবে বিশেষভাবে নজর কাড়ে হেবাংয়ে স্টলটি। এখানে বাঁশের চোঙায় পরিবেশন করা হয় গরম-গরম দুধ চা। বাঁশের চোঙায় পরিবেশিত চায়ের স্বাদে আসে ভিন্ন মাত্রা।
হাতে বোনা চাদর
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর হাতে বোনা এসব চাদর সব সময় পার্বত্য এলাকায় পর্যটকদের আকৃষ্ট করে। মেলায়ও পাওয়া যাবে এমন সব চাদর। ৪৫০ টাকা থেকে দামটা শুরু।
শাড়িতে বৈচিত্র্য
হাতে বোনা কোমরতাঁতের পিনন খাদি মোটিফে তৈরি হচ্ছে এসব শাড়ি।
পাহাড়ি গয়না
মুক্তায় থরে থরে সাজানো আছে পয়সা। শুধুই পয়সা দিয়ে বানানো গয়নাই নয়, কোমরতাঁতে বোনা কাপড় দিয়ে তৈরি রুপার গয়না, নানা রকম হাসুলির মতো বৈচিত্র্যময় গয়না স্থান পেয়েছে এই মেলায়।
পাহাড়ি সবজি
মেলাজুড়ে নানা রকম পাহাড়ি সবজির সমাহার। নানা জাতের আলু ও মিষ্টিকুমড়ার পাশাপাশি আছে হলুদ, শিম, শাক, আখসহ নানা পণ্য।