পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও ভূমি কমিশন কার্যকর করে ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বান্দরবানে পর্যটনশিল্পের উন্নয়ন না করার জন্য আদিবাসী নেতারা দাবি জানিয়েছেন। গত ১০ মে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে মতবিনিময়কালে তাঁরা এ দাবি তুলে ধরেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম, বান্দরবানের ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম ও পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য ।
সভার শুরুতে জেলা পরিষদের পক্ষ থেকে বান্দরবানের পর্যটন সম্ভাবনা নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়। এরপর বক্তব্য দেন জেলা মহিলা চেম্বার অব কমার্সের সভানেত্রী লালছানি লুসাই, জেলা পরিষদ সদস্য কাজী মজিবুর রহমান, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মার্মা, থানছি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লচিং মার্মা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা প্রমুখ।
বৈঠকে আদিবাসী নেতারা বলেন, পার্বত্য শান্তিচুক্তি ও জেলা পরিষদ আইন অনুযায়ী পর্যটন বিভাগ জেলা পরিষদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। কিন্তু চুক্তি বাস্তবায়ন না হওয়ায় সেটি এখনো হস্তান্তর হয়নি। শান্তিচুক্তি বাস্তবায়ন ও ভূমি বিরোধ নিষ্পত্তি না করে জেলায় পর্যটন খাতে কোনো উন্নয়নমূলক কর্মসূচি না নেওয়ার জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তাঁরা।
জবাবে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আদিবাসী নেতাদের দাবিগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন।