পার্বত্যবান্ধব প্রাথমিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার দরপত্র আহ্বান করেও সাড়া মেলেনি ঠিকাদারদের কাছ থেকে। এ কারণে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ পিছিয়ে গেছে। বিকল্প উপায় হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ইট, সিমেন্ট, রড ও বালু ছাড়াই দুর্গম পার্বত্য এলাকায় বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এসব ভবন নির্মাণে ব্যবহূত হবে স্থানীয়ভাবে সহজলভ্য বাঁশ, কাঠ ও টিন। টেকসই ও পরিবেশবান্ধব এ ধরনের বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে পার্বত্যবান্ধব বিদ্যালয়।প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এলজিইডি এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সংস্থাটির কর্মকর্তারা জানান, দুর্গম এলাকাগুলোতে যাতায়াতের সুবিধা না থাকায় নির্মাণসামগ্রী নেওয়া সম্ভব হচ্ছে না। সে কারণে ঠিকাদারেরা ওই সব এলাকায় ভবন নির্মাণে আগ্রহ দেখান না। ফলে স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ দিয়েই ওই এলাকাগুলোতে বিদ্যালয় ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে পার্বত্যবান্ধব বিদ্যালয় নির্মাণের নকশা নিয়ে মতবিনিময় করেছে এলজিইডি। ১৬ এপ্রিল দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও শিক্ষকদের নিয়ে এ ধরনের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন পার্বত্য জেলার নির্মিতব্য তিনটি পার্বত্যবান্ধব বিদ্যালয়ের নকশা তুলে ধরা হয়। দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মবীর চাকমা জানান, দুর্গম এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়েই বিদ্যালয় নির্মাণ করা উচত। কারণ, এসব এলাকায় ইট, সিমেন্ট ও বালু নেওয়া সম্ভব হয় না।দীঘিনালার উল্টাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি সংস্কার হচ্ছে না বহুদিন। জীর্ণ টিনের ছাউনিতেই চলছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়টির প্রধান শিক্ষক শান্তিময় চাকমা জানান, তিনবার এ বিদ্যালয়ের ভবন নির্মাণের দরপত্র আহ্বান করার পরও প্রকল্প বাতিল হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় উল্টাছড়িতে নির্মাণসামগ্রী পরিবহন কষ্টসাধ্য। এখানে বাঁশ, কাঠ ও টিন দিয়েই বিদ্যালয় ভবন নির্মাণ করতে হবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী প্রশান্ত কুমার হালদার জানান, পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলের যোগাযোগব্যবস্থার কথা বিবেচনা করে এলজিইডি পার্বত্যবান্ধব প্রাথমিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ ধরনের বিদ্যালয়ের নকশা নিয়েও এলজিইডির কর্মকর্তারা এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেছেন। তিনটি নকশার মধ্যে একটি অনেকের পছন্দও হয়েছে।