পালাগানের বয়ানে শেক্সপিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালাগানের মাধ্যমে স্রষ্টাকে বন্দনা করে শুরু হলো নাটক। সংলাপ চলতে থাকল মধ্যযুগের ইংরেজি ও আঞ্চলিক বাংলায়। কখনো কখনো নাটকে ঢুকে যাচ্ছিল জনপ্রিয় বাংলা সিনেমার গান ও লোকসংগীত। নাটকের সময়কালও মুছে যাচ্ছিল মাঝে মাঝে। মিলেমিশে এক হয়ে যাচ্ছিল অতীত ও বর্তমানের মানুষের কথা বলার ধরন। ঢাকার স্টেজ ওয়ানের নিরীক্ষাধর্মী নাটক উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট দেখতে গিয়ে এমন অভিজ্ঞতাই হয়েছিল দর্শকদের। নাটকের পুরো সময়জুড়েই ছিল অভিনবত্বের চমক।শেক্সপিয়ার নিয়ে এই দ্বিভাষিক নাটকের মঞ্চায়ন হয়ে গেল ২৮ জানুয়ারি শিল্পকলা একাডেমী মঞ্চে। যুক্তরাজ্য প্রবাসী নাট্যকার মুকুল আহমেদ নির্দেশনা দিয়েছেন এই নাটকের। বহু চরিত্রের এই নাটকটির কুশিলব ছিলেন পাঁচজন। পালাকারদের মতো আগাগোড়াই মঞ্চে ছিলেন তাঁরা। সংলাপের সঙ্গে সঙ্গে চলেছে পালাগান। বেজেছে ঢোল, তবলা, হারমোনিয়াম। শেক্সপিয়ারের এপিক নাটকটি তার সনাতন কাঠামো ভেঙে বাংলার পালাগানের সৌন্দর্যে সিক্ত হল যেন। মঞ্চ সজ্জাও ছিল পালাগানের আসরের আমেজ।ইতালির ভেরোনা শহরের ক্যাপুলেট ও মন্টেগিউ পরিবারের মধ্যে বহুকালের শত্রুতা চলছিল। সেই দুই পরিবারের দুই তরুণ-তরুণীর ভালোবাসার কাহিনি নিয়েই রোমিও অ্যান্ড জুলিয়েট। শেক্সপিয়ারের আমল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত রোমিও-জুলিয়েট পৃথিবীর জনপ্রিয়তম প্রেম কাহিনি। মানুষের মিলন আকাঙ্ক্ষা চিরকালীন, শাশ্বত। এই চিরকালীন কাহিনি নিয়েই এগোয় অন্যরকম রোমিও অ্যান্ড জুলিয়েট। যার কাহিনি এক কিন্তু বয়ান ভিন্ন। নির্দেশক মুকুল আহমেদ ধ্রুপদি এই কাহিনির ভেতরে তাই ঢুকিয়ে দিয়েছেন সমকালের টানাপোড়েনকে। মূল নাটকের সংলাপের পাশাপাশি কুশিলবদের মুখে বসিয়েছেন সমকালকে উপস্থাপন করে এমন সংলাপ। শোনা গেছে ‘বিয়ের অনুষ্ঠানটা হবে সেনাকুঞ্জে’ অথবা ‘উই আর লুকিং ফর শত্রুজ’ ধরনের সংলাপ। দ্বিভাষিকতার মধ্য দিয়ে এগুতে এগুতে দুটো ভিন্ন সংস্কৃতিকে একসূত্রে যেন গাঁথতে চেয়েছে নাটকটি। যেন দেখাতে চেয়েছে প্রেম স্থানিক নয় আন্তর্জাতিক। নাটকটির এ নিয়ে দ্বিতীয় মঞ্চায়ন হলো। চট্টগ্রামে এই নাটকের আয়োজক ছিল উন্নয়ন সংস্থা বিটা ও বিশদ বাংলা। নাটক শেষে একটা ছোট আলোচনা পর্বও ছিল। এই পর্বে দর্শকেরা মুখোমুখি হয়েছিলেন নির্দেশকের। দর্শকদের নানা মন্তব্যে মুগ্ধতাই প্রকাশ পাচ্ছিল। নাটকটিতে অভিনয় করেছেন মিতা চৌধুরী, দেলওয়ার হোসাইন, শর্মীমালা, ডমিনিক গোমেজ ও সফিকুর রহমান। প্রত্যেকেই অভিনয় করেছেন প্রাণ ঢেলে। তবে সবাইকে ছাপিয়ে গেছেন দেলওয়ার হোসেন। নাটকের প্রায় পুরোটা সময়জুড়ে দর্শক মাতিয়েছেন তিনি।