পালিয়ে বেড়াচ্ছেন নির্যাতনের শিকার খুকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার ফটিকছড়ি উপজেলার বক্তপুর গ্রামের তাসমিন আকতার ওরফে খুকী ও তাঁর মাকে মামলা তুলে নেওয়ার জন্য এখনো হুমকি দিয়ে যাচ্ছেন খুকীর স্বামী, আসামি ইয়াছিন সেলিম। ফলে বাড়ি ছেড়ে তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন আত্মীয়-স্বজনের বাড়িতে। ঘটনার প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামি সেলিমকে আটক করতে পারেনি পুলিশ। গত ২১ অক্টোবর রাতে সেলিম খুকী ও তাঁর মাকে গুরুতর আহত করে যাওয়ার সময় মামলা না করার হুমকি দেন। এ ব্যাপারে সেলিম, তাঁর মা ও দুই ভাইয়ের বিরুদ্ধে ফটিকছড়ি থানা এবং চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পৃথক মামলা হয়েছে। সেলিম দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।খুকীর পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ জুন ফটিকছড়ির বক্তপুর গ্রামের শান্তিরহাট মনগাজী তালুকদার বাড়ির দুবাই প্রবাসী আবদুছ ছালাম ও খুরশীদা বেগমের মেয়ে খুকীর সঙ্গে একই উপজেলার নানুপুর গ্রামের ভূ-ফকির বাড়ির রুহুল আমিনের ছেলে মো. ইয়াছিন সেলিমের বিয়ে হয়। তাঁদের চার ও দুবছর বয়সী দুটি ছেলে রয়েছে। গত ২১ অক্টোবর খুকী বাবার বাড়িতে বেড়াতে গেলে সেলিমও সেদিন সন্ধ্যায় সেখানে যান। পরে তাঁর ভাই মো. বাদশাও ওই বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এরপর সেলিম খুকীর মাধ্যমে তাঁর শাশুড়ির কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু শাশুড়ি এত টাকা দিতে অপারগতা জানালে খুকীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। রাতে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সেলিম খুকীকে খুন্তি দিয়ে আঘাত করেন। এ সময় খুকীর মা এগিয়ে এলে তাঁকেও এলোপাতাড়ি আঘাত করেন সেলিম। খুন্তির আঘাতে খুকী ও তাঁর মায়ের মাথা, হাত, পিঠ এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে সেলিম এ নিয়ে মামলা-মোকদ্দমায় জড়ালে খুন করে ফেলা হবে বলে হুমকি দিয়ে পালিয়ে যান। পরে খুকী ও তাঁর মাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে (কমপ্লেক্স) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় খুকীর মা খুরশীদা বেগম বাদী হয়ে সেলিম ও তাঁর ভাই বাদশাকে আসামি করে গত ২৪ অক্টোবর ফটিকছড়ি থানায় এবং ২৮ অক্টোবর এ দুজনসহ সেলিমের মা লায়লা বেগম, তাঁর অপর ভাই মুন্নাকে আসামি করে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। কিন্তু পুলিশ এখনো আসামিদের ধরতে পারেনি। গত ৩১ অক্টোবর খুকী ও তাঁর মা হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে ফিরে যান। কিন্তু ঘটনার হোতা সেলিম এখনো ধরা না পড়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। খুকীর মা খুরশীদা বেগম জানান, তিনি ও তাঁর মেয়ে প্রাণভয়ে বাড়ি ছেড়ে বাইরের আত্মীয় বাড়িতে থাকছেন। জানা গেছে, খুকীর স্বামী মো. ইয়াছিন সেলিম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মচারী। তাঁর মুঠোফোনে (০১৮১৫ ৮৫৫১১২) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তা ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আহমেদের সঙ্গে যোগাযোগ করলে ঘটনার ব্যাপারে দুটি পৃথক মামলা হওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনার মূল আসামি সেলিমসহ অন্যদের ধরার চেষ্টা করছি। কয়েকদিন আগে তাঁদের বাড়িতে গিয়ে তালা দেখেছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। বাদীপক্ষকে বলেছি কোথাও সেলিমের খোঁজ পেলে আমাকে জানাতে। সেখানে গিয়ে তাকে ধরে আনব।’