পাল্টাপাল্টির নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে আবার শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালিয়ে তারা দেখিয়েছে শক্তির দাপট। চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়াও বসে নেই। উত্তরের ওই পরীক্ষার পরপরই তারাও এমন এক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বলছে, যা নাকি উত্তর কোরিয়ার একটি বাড়ির জানালায় পর্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। কিছুদিন ধরেই কোরীয় উপদ্বীপে নতুন করে পাল্টাপাল্টি শক্তি প্রদর্শনের মহড়া চলছে। দুই কোরিয়ার পারস্পরিক শক্তি প্রদর্শন নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কারণ, দেশ দুটির বিরোধ বা সংঘর্ষে বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। উত্তর কোরিয়ার পক্ষে রয়েছে রাশিয়া, চীন ও তাদের অন্য মিত্ররা। দক্ষিণ কোরিয়ার পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অন্য বেশ কয়েকটি পশ্চিমা দেশ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার বেড়াজাল বজ্রআঁটুনি হয়ে চেপে আছে উত্তর কোরিয়ার গলায়। এর পরও তারা নীতির প্রশ্নে পিছু হটতে রাজি নয়। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্রতে অবিচল।গত ১২ ফেব্রুয়ারি নতুন একটি পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এই পরীক্ষার সফলতার কথা তারা ঘোষণা করার আগেই বিষয়টি প্রতিবেশী দক্ষিণ কোরিয়া তা ফাঁস করে দেয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমে বলা হয়, উত্তর কোরিয়ার ভূখণ্ডে এমন এক ভূকম্পন হয়েছে, যা পারমাণবিক পরীক্ষা চালানোর ইঙ্গিত বহন করে। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা চালানোর সময় যে ভূকম্পন হয়, এর সঙ্গে ওই ভূকম্পনের বেশ সাদৃশ্য রয়েছে। তবে এবারের ভূকম্পন ছিল আগের দুটির চেয়ে জোরালো। সাম্প্রতিক সময়ে দুই কোরিয়ার মধ্যে সামরিক ও অন্য ক্ষেত্রের প্রযুক্তির দৃশ্যত একটা ঠান্ডা লড়াই চলছে। দক্ষিণ কোরিয়া মাসখানেক আগে প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে আবহাওয়া-সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহের কৃত্রিম উপগ্রহ উর‌্যাক্ষেপণ করে। মাত্র গত ডিসেম্বরেই উত্তর কোরিয়া তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার ওই পরীক্ষা পারমাণবিক যুদ্ধাস্ত্রে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে বড় অগ্রগতির ইঙ্গিত। সর্বশেষ নতুন পারমাণবিক পরীক্ষাটি তাদের আত্মবিশ্বাস নিশ্চয়ই অনেক বাড়িয়ে দেবে।বস্তুত ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরিয়া যুদ্ধ চলার পর থেকে স্থায়ী শান্তি নেই এ ভূখণ্ডে। এক পর্যায়ে অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হলেও কাগজে-কলমে যুদ্ধ থামেনি। দুই কোরিয়ার সীমান্ত অঞ্চল বিশ্বের সবচেয়ে অস্ত্রসজ্জিত সীমান্তগুলোর একটি। কাজেই একজনের শক্তি প্রদর্শন আরেকজন নীরবে দেখবে তা ভাবার কোনো কারণ নেই। প্রতিবেশীকে পাল্টা জবাব দিতে ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়া নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা বলেছে। ক্ষেপণাস্ত্রটি কত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। তবে তারা দাবি করেছে, এটি উত্তর কোরিয়ার নেতাদের দপ্তরে গিয়ে আঘাত হানতে পারবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, এই ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ও ডুবোজাহাজ থেকে মডেল লক্ষ্যবস্তুতে গিয়ে সফলভাবে আঘাত হানছে। দেশটির কর্মকর্তারা জানান, গত বছরের ওই পরীক্ষার পর ক্ষেপণাস্ত্রটি এখন মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার এই পাল্টা জবাবের পর দুই সপ্তাহও না যেতেই উত্তর কোরিয়ার একটি রকেট উর‌্যাক্ষেপণ কেন্দ্রের উন্নয়ন কাজের খবর প্রকাশিত হয়। মার্কিন বিশেষজ্ঞদের তথ্যের বরাত দিয়ে খবরে বলা হয়, উত্তর কোরিয়া তাদের দুটি রকেট উর‌্যাক্ষেপণ কেন্দ্রের মধ্যে তংহায়ে কেন্দ্রটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এর মধ্যে উত্তর কোরিয়া তাদের অন্যতম পৃষ্ঠপোষক চীনকে জানিয়েছে, শিগগিরই তারা আরও এক বা একাধিক পারমাণবিক পরীক্ষা চালাবে। এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। যুক্তরাষ্ট্র যেমন দক্ষিণ কোরিয়া ও জাপানের সহযোগিতা নিয়ে এ অঞ্চলে তার ক্ষমতার পাল্লা ভারী করতে চাইছে, তেমনি চীনও চাইছে উত্তর কোরিয়া আরও শক্তিশালী হয়ে তার পাশে থাকুক। উত্তর কোরিয়ার তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক বিশ্ব। জাতিসংঘ এর কঠোর সমালোচনা করে তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এতে উত্তর কোরিয়া আরও একঘরে হয়ে পড়বে। দক্ষিণ কোরিয়ায় এখনো প্রায় ২৮ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া আরও ভয় পেতে শুরু করেছে। তাদের চাপে পড়েই গাদ্দাফি তাঁর পারমাণবিক কর্মসূচি ত্যাগ করেছিলেন। এর পরও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সহযোগিতায় বিরোধীরা গাদ্দাফির পতন ঘটায়। এ কারণে উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন ভয় পাচ্ছেন, পারমাণবিক কর্মসূচি ত্যাগ করলে তাঁদের দুর্বলতার সুযোগে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পাবে। হয়তো পতন ঘটবে দীর্ঘদিনের সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার। অনেকে মনে করেন এ কারণেই পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করে বরং তারা জোরদার করেছেন। উত্তর কোরিয়ার কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তাদের অন্যতম ‘মুরব্বি’ চীন কী করে সেদিকে অনেকেরই আগ্রহ। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস-এর সম্পাদকীয়তে বলা হয়েছে, এ ধরনের পারমাণবিক পরীক্ষা চালিয়ে যেতে থাকলে তারা সমাজতান্ত্রিক দেশটিকে অর্থনৈতিক সহায়তা কমিয়ে দেবে। কিন্তু চীনা কমিউনিস্ট পার্টির অনেক নেতা, এমনকি দলের পলিটব্যুরোর কিছু সদস্য পর্যন্ত উত্তর কোরিয়ার প্রতি এত সহানুভূতিশীল যে, বাস্তবে তারা কতটা কঠোর হবে—তা নিয়ে সংশয় রয়েছে। এই সুযোগে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে আরও এগিয়ে যাওয়া বিচিত্র কিছু নয়।