পাল্টে গেছে আমছড়ির চেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহর থেকে মাত্র ছয় থেকে সাত কিলোমিটার দূরের গ্রাম আমছড়ি। পার্বত্য চুক্তির আগে এ গ্রামের কোনো উন্নয়ন হয়নি বললেই চলে। তবে পার্বত্য চুক্তির পর স্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে গ্রামের লোকজন নিজেদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন। সম্প্রতি আমছড়ি গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।রাঙামাটি চট্টগ্রাম সড়কের মানিকছড়ি সেতু থেকে চার কিলোমিটার দক্ষিণে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন ও মগবান ইউনিয়নের মধ্যবর্তী স্থানে আমছড়ি গ্রাম। গ্রামটি দুই ইউনিয়নে বিভক্ত। গ্রামের পূর্ব পাশে কাপ্তাই হ্রদ, পশ্চিম পাশে পাহাড়। চাকমা ও তঞ্চঙ্গ্যা অধ্যুষিত গ্রামে ১২০ থেকে ১২৫ পরিবারের বসবাস। যোগাযোগের মাধ্যম নৌকা।গ্রামের আরবো চাকমা (৭৮), শান্তি চাকমা (৫২), মনিন্দ্র তঞ্চঙ্গ্যা (৪৫) জানান, আমছড়ি ছিল একটি শান্ত পাহাড়ি গ্রাম। লোকজনের অবস্থা ছিল মোটামুটি সচ্ছল। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র আন্দোলন শুরু হওয়ার পর ওই গ্রামের আশপাশে কয়েকবার সংঘর্ষ হয়। সে কারণে ১৯৭৭-৭৮ সালের দিকে গ্রামের লোকজনকে সেনাবাহিনী একটি গুচ্ছগ্রামে পুনর্বাসন করে। এতে গ্রামের লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়। থেমে যায় অর্থনৈতিক কর্মকাণ্ড, বন্ধ হয়ে যায় ছেলে-মেয়েদের লেখাপড়া। সংঘর্ষের ভয়ে ছেলে-মেয়েদের কেউ কাছছাড়া করতে চাননি। এভাবে ১০ থেকে ১২ বছর থাকার পর লোকজন রেখে গুচ্ছগ্রাম থেকে পালাতে শুরু করেন। নব্বই দশকে শান্তি আলোচনা শুরু হলে গুচ্ছগ্রাম থেকে পালানো এবং গুচ্ছগ্রামে অবস্থানরত সবাই গ্রামের নিজস্ব বসতভিটায় ফিরে আসেন।আরবো চাকমা জানান, গ্রামবাসীর প্রধান জীবিকা ফলের বাগান করা ও আদা, হলুদের চাষ। এ ছাড়া কাপ্তাই হ্রদের পানি কমে গেলে জমিতে ধান ফলান তাঁরা। পানি বাড়লে মাছ শিকার করেন। শান্তি চাকমা ও সত্য লাল চাকমা (৪৫) জানান, শান্তি চুক্তির আগে গ্রামের সবাই নিরাপত্তাহীনতায় থাকতেন। সে কারণে পাহাড়ে তেমন কোনো বাগান গড়ে তোলেননি। এখন নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তাই গ্রামের প্রায় সবাই ফলদ ও বনজ বাগান গড়ে তুলছেন। ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন। তবে সমস্যা হচ্ছে গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মাত্র একটি। ছেলে-মেয়েদের পড়াতে চাইলে পাঠাতে হয় রাঙামাটি শহরে অথবা পার্শ্ববর্তী সাপছড়ি বা ঘাগড়া। তবে সেখানে ছেলে-মেয়েদের পাঠানোর সামর্থ্য অনেকের নেই। আমছড়ি গ্রামের গাত্তোপাড়ার রীনা চাকমা (১৬) বাড়ির উঠোনে বেইনে (কোমর তাঁত) কাপড় বুনছিল। জানা গেলে, সে ২০১০ সালে সাপছড়ি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে উঠেছিল। কিন্তু বাইরে রেখে পড়াশোনা করানোর সামর্থ্য পরিবারের নেই। তাই পড়া হয়নি। এখন পারিবারিক বিভিন্ন কাজের পাশাপাশি তাঁত বোনায়ও দক্ষ হয়ে উঠছে সে। রাঙামাটি শহরের বিভিন্ন আদিবাসী বস্ত্রের দোকানে কোমর তাঁতে বোনা কাপড় বিক্রি হয়। এক জোড়া পিননের (আদিবাসী নারীদের পোশাক) দাম সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা। বুনতে সময় লাগে ১৫ থেকে ২০ দিন। তাতে লাভ হয় তিন থেকে চার হাজার টাকা। নিজে পড়াশোনা করতে না পারার দুঃখ আছে রীনার। তাঁর ইচ্ছে পরিবারের আয় উন্নতিতে মনোনিবেশ করে ছোট ভাই, বোনদের পড়াবে। আমছড়ি গ্রামের লোকজন জানান, পার্বত্য শান্তি চুক্তির পর সরকারিভাবে তাঁদের গ্রামে একটি ইটও বসেনি। তবে কয়েকটি এনজিও এখন কাজ করছে। ওই এনজিওগুলো একটি নলকূপ বসিয়েছে। তবে কাপ্তাই হ্রদের পানি কমে গেলে তাতে পানি ওঠে না। সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে তা বিশ্বাস করেন না আমছড়ি গ্রামবাসী। তবে চুক্তির মাধ্যমে যে নিরাপত্তা সৃষ্টি হয়েছে তাতে তারা খুশি। আর সে সুযোগকে এখন কাজে লাগাতে সচেষ্ট এ গ্রামের লোকজন।