পাশে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিপ্রতিবন্ধী বন্ধুদের পড়া রেকর্ড করে দেন পিডিএফ–এর সদস্যরা
দৃষ্টিপ্রতিবন্ধী বন্ধুদের পড়া রেকর্ড করে দেন পিডিএফ–এর সদস্যরা

মো. মতিন মিয়া ইতিহাস বিভাগের ছাত্র। সামনে টিউটোরিয়াল পরীক্ষা। কিন্তু পড়া তখনো অনেকটা বাকি। তাই তিনি খোঁজেন বন্ধু মেহেদীকে, পড়াগুলো রেকর্ড করবেন বলে। মতিন মেহেদীর মতো পড়তে পারেন না। জন্ম থেকেই তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। কিন্তু তাতে কী? সমাজের নানা বাধা পাড়ি দিয়েই তো আজ তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র! তাঁর মতোই আরেক শিক্ষার্থী আজাদ হোসেন পড়েন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ইংরেজি বিভাগে পড়ার সুযোগ পেয়েও পড়া হয়নি ‘এই ছেলে সবার সঙ্গে তাল মেলাতে পারবে না’—এমন অজুহাতে। কিন্তু থেমে যায়নি তাঁর চেষ্টা। বিভাগের প্রথম বর্ষের পরীক্ষায় তিনি ১৬তম হয়েছেন।
এমন সব প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যাত্রাটা সহজ করতেই ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল ‘ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (পিডিএফ)। ধীরে ধীরে নিজেদের বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে তাঁরা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি স্কুলগুলোতে কাজ করতে শুরু করেছেন।
ক্যাম্পাসে দৃষ্টিপ্রতিবন্ধী বন্ধুদের শ্রুতিলিখন, হল থেকে ক্যাম্পাসে যাতায়াত, হলে রুমের ব্যবস্থা করে দেওয়াসহ সব কাজেই তাঁরা পাশে থাকেন। এক বিকেলের আড্ডায় কথা হলো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সায়মা সুলতানার সঙ্গে। বলছিলেন, ‘আমাকে দেখে কেউ বোঝে না, আমার দৃষ্টিশক্তি খুবই দুর্বল। অনেকে বলে, “তুমি এত চুপচাপ থাকো কেন?” আসলে সবার সঙ্গে সেভাবে মিশতে পারতাম না। পিডিএফের বন্ধু, ভাইয়া-আপু আর শিক্ষকরাই আমার এই জড়তা দূর করেছেন। তাঁদের সঙ্গে থাকলে মনেই হয় না, আমি আর সবার মতো না।’
সংগঠনের কোষাধ্যক্ষ মেহেদী হাসান বলেন, ‘আমরা সদস্যদের নিয়ে বছরে দিনব্যাপী দুই-তিনটি কর্মশালার আয়োজন করি। এ ছাড়া প্রতিবন্ধীদের সমস্যা কাটিয়ে উঠতে আমাদের কী কী করণীয়, তাও আলোচনা করা হয়। আবার যেসব কারণে একজন মানুষ প্রতিবন্ধী হয় সে বিষয়েও আমরা সচেতন করে থাকি।’
সংগঠনের প্রাক্তন সভাপতি আবদুল জলিল বলছিলেন, ‘লাইব্রেরি ও বিভাগে প্রতিবন্ধীদের সুযোগ বাড়ানো, বিভাগের কাছেই হলে আসন বরাদ্দ, তাঁদের জন্য পরীক্ষার সময় বাড়িয়ে দেওয়া, ভবনগুলোতে প্রয়োজনীয় সুযোগসুবিধা সৃষ্টি করাসহ বিভিন্ন দাবি জানাতে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি।’
সম্প্রতি সংগঠনটির উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাতজন পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
সংগঠনের সহসভাপতি হোসনে আরা জানান, ‘আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে “অ্যাডমিশন কেয়ার ক্যাম্প”। এখানে দৃষ্টিপ্রতিবন্ধীদের শ্রুতিলেখকের জন্য ডিনের কাছ থেকে অনুমতির ব্যবস্থা করে দেওয়া, পরীক্ষাকেন্দ্রে যাতায়াত, তাঁদের সিট খুঁজে দেওয়া, ভর্তি পরীক্ষার ফল জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।’