পাশে দাঁড়ানোর প্রত্যয়ে...
প্রেয়সী দে প্রাণোচ্ছল এবং সংগ্রামী একটি মেয়ের নাম। যে বয়েসে তার হেসেখেলে কাটানোর কথা, তখন তাকে বেঁচে থাকা শিখতে হচ্ছে। চার বছর আগে দুর্ঘটনায় এক পা হারানোর যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছে সে। এখন এক পা নিয়েই উঠে দাঁড়ানোর সংগ্রাম তার। আর প্রেয়সীর এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) চট্টগ্রাম কেন্দ্র।বান্দরবানের বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রেয়সী খুব ভালো কবিতা আবৃত্তি করে। জীবনে বহুদূর যাওয়ার স্বপ্ন তার। সিআরপির কর্মীদের নিবিড় তত্ত্বাবধানে এখন সে কৃত্রিম পায়ে ভর দিয়ে চলতে শিখছে। প্রেয়সীর মতো শারীরিক প্রতিবন্ধকতা যাদের চলার পথে মস্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, তাদের অনেককেই বাধা ডিঙাতে সাহায্য করছে সিআরপি।বিনা মূল্যে কৃত্রিম পা সংযোজনসহ প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে সিআরপিতে। চট্টগ্রামের কালুরঘাট সেতুর পাশে এ কে খান ম্যাচ কারখানার সামনে এ কেন্দ্রটির অবস্থান।২০১১ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে এই কেন্দ্রটি স্বল্প পরিসরে যাত্রা শুরু করে। ২০১২ সালের ২ অক্টোবর চিকিৎসাকেন্দ্রটি পূর্ণাঙ্গ রূপ পায়। এ কে খান গ্রুপের দেওয়া ছয় হাজার ৩০০ বর্গফুট জায়গার ওপর পুনর্বাসন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় এক কোটি আট লাখ টাকা। দূর থেকে আসা রোগীদের জন্য এখানে রয়েছে ১৪ জনের ধারণক্ষমতাসম্পন্ন আবাসন-সুবিধা।সিআরপি চট্টগ্রাম কেন্দ্রের তত্ত্বাবধায়ক খলিলুর রহমান জানান, শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কেন্দ্র খোলা থাকে। বেলা একটা থেকে দুইটা পর্যন্ত থাকে মধ্যাহ্নভোজের বিরতি। শুক্রবার সরকারি ছুটির দিন এ কেন্দ্র বন্ধ থাকে। এ ছাড়া বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। এখানে আসা রোগীদের আর্থিক সচ্ছলতার ওপর ভিত্তি করে ছয় ভাগে ভাগ করে চিকিৎসাসেবা দেওয়া হয়। সচ্ছল রোগীদের জন্য সর্বোচ্চ ২০০ টাকা বহির্বিভাগ ফি নেওয়া হলেও গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। দৈনিক দুই শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসেন। কেন্দ্রটিতে বর্তমানে ১৫ জন চিকিৎসা কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন।সিআরপি চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)। ইতিমধ্যে সিআরপিকে দেড় কোটি টাকা মূল্যের কৃত্রিম পা তৈরির উপকরণ সরবরাহ করেছে সংস্থাটি।কেবল প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন নয়, স্ট্রোক-পরবর্তী পক্ষাঘাত ও ব্যথাজনিত রোগেরও চিকিৎসা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে। কয়েক মাস পর চালু হবে প্রতিবন্ধীদের চিকিৎসা-পরবর্তী সামাজিক, আর্থিক, শারীরিক ও পুনর্বাসন কেন্দ্র। কারিগরি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে সিআরপির পক্ষ থেকে।