পাশ্চাত্য ব্যবস্থা এবং আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা বাঙালিরা বেশির ভাগ সময় পেলেই পাশ্চাত্যের দুর্নাম করি। আমি নিজেও ছাড়ি না। ইচ্ছামতো বলি, বিশেষত যখন তাদের সংস্কৃতি ও জীবনব্যবস্থা প্রসঙ্গে কথা ওঠে। তাদের জীবন আর চলাফেরা অসম্ভব বেপরোয়া। সম্পর্ককে সম্মান দিতে জানে না। মূল্যও দেয় না। এসব বিষয় যখন ওঠে প্রবাসী বাঙালিদের আড্ডায়, তখন আমরা মুখে ফেনা তুলে ফেলি। কেউ কেউ তাদের সমর্থনও যে করে না, তা নয়। তখন হয়তো মজা করে বলি, ওনার ১০ বছর হতে বোধ হয় আর বেশি দিন নেই! তবে আমি আমার বাংলাদেশের সংস্কৃতির যতই গোঁড়া সমর্থক হই না কেন, আমার নিজেরও আমাদের কিছু বিষয় নিয়ে অসম্ভব অস্বস্তি কাজ করে। মানতে পারি না, আমরা কেন এতটা বর্বর। আমি এ প্রসঙ্গে দুটো উদাহরণ টানব। একটি ঘটনা লন্ডনের। আরেকটি আমাদের প্রিয় শহর ঢাকার।

লন্ডনের ঘটনাটা মাস ছয়েক আগের। পপলার নামক একটা জায়গায় আমি তখন থাকি। কাজে যাওয়ার জন্য সড়কের নির্দিষ্ট স্থানে অপেক্ষা করে আছি বাসের। সেখান থেকে কয়েক শ ফুট দূরে একটা চৌরাস্তার মাথা। আমি আনমনে তাকিয়ে ছিলাম সেই দিকটায়। তখন একদম হঠাত্ই ঘটনাটা ঘটে। একটা ছোট প্রাইভেট কারের সঙ্গে একটা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়েন মোটরসাইকেলের চালক। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন অনেকেই। লন্ডনের মতো সুশৃঙ্খল একটা শহরে এমন একটা দুর্ঘটনা নেহায়েতই অনাকাঙ্ক্ষিত। ভুলটা সম্পূর্ণ গাড়ির চালকের।
পরের দৃশ্য অত্যন্ত সাধারণ। চালক গাড়ি থেকে দ্রুত বের হলেন। তিনি বেরিয়ে মোটরসাইকেলের চালককে খুঁজছিলেন। কিন্তু বুঝতে পারছিলেন না তিনি কোথায়। খুব সম্ভব তাঁর মাথাও কাজ করছিল না ঠিকমতো। আমি দৌড়ে এগিয়ে গেলাম সে দিকে। এই সময় দেখলাম কিছু লোক প্রাইভেট কারের চালকের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি শিউরে উঠলাম, হয়তো একটা সিনক্রিয়েট হবে।
মানুষগুলো কী করে, তা আমার দেখার আগ্রহ হলো। দেখলাম লোকগুলো গাড়ির চালককে ধরে রাস্তার পাশে নিয়ে গেলেন। একজন তাঁকে পানি খেতে দিলেন। কয়েকজন বললেন, কোনো ভয় নাই, মোটরসাইকেলের চালকের তেমন কোনো ক্ষতি হয়নি, আপনি শান্ত হোন। এটা নিছক একটা দুর্ঘটনা। অপরদিকে মোটরসাইকেলের চালককে সেবা দিতে শুরু করলেন প্রাথমিক চিকিত্সায় পারদর্শী একজন।
এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। গাড়ির চালক দুর্ঘটনার পর পালিয়ে যাননি। তিনি পালাবেন কোথায়? রাস্তার বিভিন্ন স্থানে রয়েছে ভিডিও ধারণ করার যন্ত্র। অন্যায় করে ঝামেলার হাত থেকে বাঁচতে পালানোর সুযোগ তেমন নেই। এ ছাড়া তাঁর জীবন ঝুঁকির সম্মুখীন নয়। তাহলে পালাবার প্রয়োজন কী? যদি কেউ অন্যায় করে তার জন্য আইন ও বিচারব্যবস্থা আছে। চাইলেই আইন নিজ হাতে তুলে নিতে পারে না তারা।
অন্যদিকে যে মানুষগুলো গাড়িচালকের কাছে গেছেন, তাঁরা তাঁকে দুয়ো দেননি, বরং সান্ত্বনা দিয়েছেন। গণধোলাইয়ের প্রশ্নই আসে না। আবার গুটিকয় মানুষের মধ্যে তিনজন ছিলেন প্রাথমিক চিকিত্সায় পারদর্শী। যুক্তরাজ্যের অনেক লোক প্রাথমিক চিকিত্সায় প্রশিক্ষণপ্রাপ্ত। এটা ব্যক্তিগতভাবে নেওয়া হয়। যে যেখানেই কাজ করুন এই প্রশিক্ষণ তাঁদের নিতে হয়। তাই আশেপাশে প্রাথমিক চিকিত্সায় পারদর্শী কাউকে না কাউকে অবশ্যই পাওয়া যায়।
এবার দ্বিতীয় ঘটনায় আসা যাক। ঘটনাটি কিছু দিন আগের। স্থান আমাদের প্রিয় শহর ঢাকা। ঘটনাটি ঘটে আসাদগেট থেকে মিরপুরের পথে কোনো এক জায়গায়। একই ঘটনা, সড়ক দুর্ঘটনা। একটি গাড়ি ধাক্কা দেয় রাস্তা পার হতে থাকা যুবককে। সেই হতভাগা যুবক ধাক্কা খেয়ে সামনে গিয়ে পড়েন। দুর্ভাগ্যবশত তিনি আটকে যান আরেক গাড়ির বাম্পারের সঙ্গে। এটা নিশ্চিত, তখন ওই যুবক বেঁচেছিলেন। কিন্তু ওই গাড়ির চালক গাড়ি থামাননি। ফলে যুবকটি করুণভাবে মৃত্যুবরণ করেন এবং ক্ষতবিক্ষত হয় তাঁর শরীর। অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে ঘটনাটা! আমি খবরটি পড়ি প্রথম আলোর অনলাইন সংস্করণে।
কয়েক বছর ধরে শুনছি, ঢাকা মহানগরের সব সড়কে ভিডিও ক্যামেরা লাগানো হবে। ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে লাগানো হয়েছে। কিন্তু চালু হয়নি। এটা হলে দোষী চালককে সহজেই আটক করে বিচারের আওতায় আনা যেত। অন্যদিকে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা ঘটলে পশুত্ব দেখানোর জন্য অনেকে সুযোগের অপেক্ষায় থাকেন। অপরাধীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ না করে সবাই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় গণপিটুনি। এই বর্বরতার কারণেই অপরাধী ভাবে আমাকে বাঁচতে হবে। তার বাঁচার অধিকারে সে পালিয়ে যায় বা এ ধরনের ঘটনা ঘটায়। যদি তারা নিশ্চয়তা পায়, এ ধরনের ঘটনা ঘটবে না, তা হলে হয়তো পালাত না বা ওই ধরনের ঘটনা ঘটাত না। আইনের প্রয়োগ ও সুষ্ঠু বিচারের ব্যবস্থা থাকলে সবাই সতর্ক থাকত।
লন্ডন, যুক্তরাজ্য