মিসরে সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে একটি মার্কিন প্রতিনিধিদল। এর নেতৃত্বে রয়েছেন মধ্যস্থতাকারী হিসেবে পরিচিতি লাভ করা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। মিসরসহ আরব বিশ্বের পরিস্থিতি সম্পর্কে কার্টারের মতামত জানতে সম্প্রতি টাইম সাময়িকী তাঁর একটি সাক্ষাৎকার নেয়। এর নির্বাচিত অংশ তুলে ধরা হলো।টাইম: মিসরের সামনে এখন সবচেয়ে উদ্বেগের বিষয় কী বলে মনে করছেন আপনি? জেনারেল তানতাউয়ি ও অন্যান্য মিসরীয় কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের সময় এসব উদ্বেগের বিষয়ে তাঁরা কতটা গুরুত্ব দিয়েছেন?জিমি কার্টার: আমরা এখানে গত নভেম্বর থেকে আছি। আশা করছি, জুন পর্যন্ত থাকব। তত দিনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাবে। এর মধ্যে নতুন সংবিধানও প্রণীত হবে। এখন যে নির্বাচন হলো, তা প্রাথমিক পর্যায়ের। নির্বাচন নিয়ে অনেক সমস্যা হয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে ভুল বা কারচুপি করেনি কেউ। মোটের ওপর আমরা খুশি। টাইম: সেনাশাসনের বিষয়ে মিসরে পরিবর্তনের এই মুহূর্তে কী ধরনের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? জিমি কার্টার: সবচেয়ে বড় যে প্রশ্নটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তা হচ্ছে, ভবিষ্যতে মিসরে সরকারের নিয়ন্ত্রণ থাকবে কার হাতে? আমার প্রত্যাশা এটাই যে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। নির্বাচিত নেতারা পররাষ্ট্র, কর আদায় ও আইন প্রণয়নসহ সরকারের বিভিন্ন বিষয়ে যত ক্ষমতা নেবেন, দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ সেনাদের মুঠো থেকে ততই আলগা হবে। ভবিষ্যতে সেনাবাহিনী ঠিক কতটা সুবিধা পাবে, তার খুঁটিনাটি বিষয়গুলো এখন ঠিক করতে হবে। টাইম: ইসলামপন্থীরাই এখন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। আপনি বলেছেন জনগণের রায় অনুযায়ী পার্লামেন্টে তাঁরাই যথার্থ প্রতিনিধি। কিন্তু তাঁরা যদি ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি বর্জন করেন, তাহলে কি আপনি অন্য কথা বলবেন?জিমি কার্টার: আমার মতে, সে রকম কোনো সুযোগ আদৌ নেই।টাইম: কেন?জিমি কার্টার: আমার মধ্যস্থতায় মিসর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তি বর্জন করা প্রায় অকল্পনীয় বিষয়। চুক্তিটি বাতিল করে আবার যুদ্ধে জড়ানোর মতো পরিস্থিতিতে যাবে না মিসর। এমনকি মুসলিম ব্রাদারহুড অতীতে প্রকাশ্যে বলেছে, তারা চুক্তিটি বহাল রাখতে চায়। টাইম: তিন দশক আগে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির প্রকৃত শর্তগুলো সময়ের বিচারে অকার্যকর হয়ে গেছে কি না—এ নিয়ে বিতর্ক চলছে। মিসরীয়রা বলতে পারে যে কর্তৃত্ববাদী শাসন থেকে বেরিয়ে আসার চেষ্টারত একটি দেশের জন্য বছরে ১৩০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি ভুল। জিমি কার্টার: এর সঙ্গে তো ক্যাম্প ডেভিড চুক্তির কোনো সম্পর্ক নেই। (গত শতকের) আশির দশকের শেষ নাগাদ মাত্র মিসরকে আর্থিক সহায়তার বিষয়টি আসে। ক্যাম্প ডেভিড অনুযায়ী কেবল একটি জায়গায়ই অর্থ দেওয়ার অঙ্গীকার করা হয়। তা হচ্ছে সিনাইয়ে ইসরায়েলের দুটি বিমানঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার খরচ বহন। টাইম: আপনার কি মনে হয়, লিবিয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপ সফল হয়েছে? আর সিরিয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গিটাই বা ভিন্ন কেন?জিমি কার্টার: আরব বিশ্বে ইতিহাস-ঐতিহ্য, প্রভাব ও শক্তি—এসব দিক দিয়ে সিরিয়ার চেয়ে লিবিয়ার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমি মনে করি, লিবিয়ার যুদ্ধে প্রেসিডেন্ট ওবামা জড়িয়েছেন অনিচ্ছা নিয়ে। লিবিয়ায় এ পর্যন্ত যা কিছু ঘটছে তা সফল। সিরিয়ার জন্য আরব লিগ কাজ করছে। সংকট সমাধানে তাদের এই উদ্যোগ সফল হবে কি না জানি না। টাইম: যদি সফল না হয়?জিমি কার্টার: বেশি খারাপ কিছু হলে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। তা হবে খুবই ধ্বংসাত্মক। তবে ন্যাটো বা যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে না বলে আমার ধারণা।ভাষান্তর শরিফুল ইসলাম ভূঁইয়া