পাসের দিক থেকে জেলায় দ্বিতীয় সেরা হাটহাজারী
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের দিক থেকে চট্টগ্রাম জেলায় এবার দ্বিতীয় সেরা ফলাফল অর্জন করেছে হাটহাজারী উপজেলা। এ উপজেলায় পাসের হার ৯৬ দশমিক ০৭ শতাংশ। ইবতেদায়ি মাদ্রাসার পাসের হার ৬৭ দশমিক ২৯ শতাংশ। সবচেয়ে ভালো ফল করেছে উত্তর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।হাটহাজারী উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১১৮টি সরকারি, ১২টি বেসরকারি, ১৫টি কমিউনিটি ও অন্যান্য সংস্থা পরিচালিত ৬১টি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয় হাজার ৮৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে তিন হাজার ১১৭ জন প্রথম বিভাগ, দুই হাজার ৬১৫ জন দ্বিতীয় বিভাগ এবং ৬৮১ জন তৃতীয় বিভাগে পাস করেছে। এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন উপজেলাভিত্তিক মেধাতালিকায় প্রথম হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের মৌমিতা দত্ত দ্বিতীয়, শাহনাজ তাজবিন তৃতীয়, সৈয়দা উম্মে হানি চতুর্থ, সামশুন নাহার পঞ্চম, মধ্যম মাদার্শা নবীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদিত্য রায় পঞ্চম, মুবাশ্বিরা তাসমিন ষষ্ঠ, হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারজান, সাইফুল হক ও রবিন যৌথভাবে সপ্তম স্থান অধিকার করে।২০টি ইবতেদায়ি মাদ্রাসার ৯২২ জন শিক্ষার্থীর মধ্যে ৬০৭ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৬৭ দশমিক ২৯ শতাংশ। মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম ১০ জন শিক্ষার্থী হচ্ছে গাউসিয়া জামেয়া মুনিরিয়া কামিল মাদ্রাসার শাহাদাত প্রথম ও আবদুর রহিম তৃতীয়, লাঙ্গলমোড়া সামশুল আলম ফাজিল মাদ্রাসার সুমন দ্বিতীয়, তৈয়বিয়া মুনিরিয়া মাদ্রাসার রিমা আক্তার চতুর্থ, ছিপাতলি জামেয়া গাউসিয়া মুনিরিয়া মাদ্রাসার একরামুল হক পঞ্চম, হাটহাজারী নুরুল উলুম মাদ্রাসার দাওয়াত চৌধুরী, সফিউল আলম ও সফি উদ্দিন যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থান, জামেয়া অদুদিয়া ফাজিল মাদ্রাসার সুবাশ্বের খানম তামান্না নবম এবং বায়তুশ শরফ আদর্শ মাদ্রাসার জান্নাতুল মাওয়া দশম স্থান অধিকার করে।হাটহাজারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম প্রথম আলোকে বলেন, ‘হাটহাজারী উপজেলায় পাসের হার চট্টগ্রাম জেলার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অত্যন্ত খুশি।’