পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। পাসের হার জাতীয় পর্যায় থেকে অনেক পিছিয়ে পড়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে আগের বছরের তুলনায়। শহর এলাকার বিদ্যালয়গুলোর অব্যবস্থাপনা, মানসম্মত শিক্ষার অভাব ও উপজেলা পর্যায়ের বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতার কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে সচেতন মহলের ধারণা। এ ছাড়া, অভিভাবকদের অসচেতনতাও এ জন্য দায়ী বলে তাঁরা মনে করেন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জেলায় ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল পাঁচ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পাস করেছে তিন হাজার ৭১১ জন। পাসের হার ৬৮ দশমিক ১২। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৪ জন। তার মধ্যে সর্বোচ্চ ১৭ জন জিপিএ-৫ পেয়েছে কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিল উচ্চবিদ্যালয় থেকে। নয়জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে আছে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় এবং আটজন জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে আছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত রাঙামাটি সদরের লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। একমাত্র লেকার্স পাবলিক স্কুল ও কাপ্তাই উপজেলার বাংলাদেশ নৌবাহিনী উচ্চবিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩২ জনের মধ্যে আটজন এবং নৌবাহিনী উচ্চবিদ্যালয় থেকে ১৯ জনের মধ্যে চারজন জিপিএ-৫ পেয়েছে। ঐতিহ্যবাহী রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। গত বছর পেয়েছিল ১৫ জন। রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে সাতজন। গত বছর পেয়েছিল ১১ জন। উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে কাপ্তাই উপজেলায় ৩৬ জন। এরপর রাঙামাটি সদর থেকে ১৭ জন, বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচর উপজেলায় তিনজন করে এবং কাউখালী উপজেলায় দুইজন। বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলা থেকে কেউ জিপিএ-৫ পায়নি।উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি ফলাফল বিপর্যয় ঘটেছে নানিয়ারচর উপজেলায়। ওই উপজেলায় গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫ শতাংশ। এ বছর তা নেমে এসেছে ৩৪ দশমিক ৭৭ শতাংশে। রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান মনে করেন, নানিয়ারচর উপজেলা বাদ দিয়ে রাঙামাটির ফলাফল বিবেচনা করলে গত বছরের চেয়ে খুব একটা খারাপ হয়নি। তবে জিপিএ-৫ কমেছে। এ ছাড়া উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের কারণে ফলাফল ভালো করা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিরূপা দেওয়ান মনে করেন বিদ্যালয় কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, নিয়মশৃঙ্খলার অভাব, কোনো কোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকাসহ নানা কারণে বিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের উদ্যোগ জরুরি বলে মনে করেন নিরূপা দেওয়ান। রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা বলেন, জেলায় এমন ফলাফল বিপর্যয় খুবই হতাশাজনক। বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষার পরিবেশের অভাব, শিক্ষকদের মধ্যে সমন্বয়হীনতা ও অভিভাবকদের সঙ্গে দূরত্বের কারণে ফলাফল খারাপ হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ে পরীক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও নিয়মিত পড়াশোনা আদায়ের অভাবও এ জন্য দায়ী। এ ব্যাপারে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের যোগাযোগ বৃদ্ধিসহ শিক্ষার মান উন্নয়নে পরিকল্পনা গ্রহণ জরুরি বলে মনে করেন তিনি।