পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ভালো ফল করেছে বান্দরবান জেলার বিদ্যালয়গুলো। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ হাজার ১৫২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ১৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৯ জন।জেলায় এ বছর পাসের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ১৯ শতাংশ। সার্বিক ফলাফলের দিক থেকে এবারও প্রথম হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়ের ৮১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন।জেলায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪৯০ জনের মধ্যে ৪৫৫ জন পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে আটজন। জেলার সাত উপজেলার মধ্যে নাইক্ষ্যংছড়ি এগিয়ে আছে পাসের হারের দিক থেকে। এ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ৮৯ শতাংশ । তবে জিপিএ পাঁচ পাওয়ার দিক থেকে এগিয়ে আছে বান্দরবান সদর উপজেলা। জিপিএ-৫ পাওয়ার মধ্যে লামা ও আলীকদম উপজেলা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। আদিবাসী অধ্যুষিত রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় জিপিএ-৫ পাওয়ায় সবচেয়ে পেছনে রয়েছে। রুমা ও থানচিতে মাত্র তিনজন জিপিএ-৫ পেয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘পাহাড়ি ছাত্র-ছাত্রীরা ভাষাগত সমস্যার কারণে কিছুটা পেছনে রয়েছে। তবে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।’এদিকে, সোমবার দুপুরে ফলাফল আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ে খুদে শিক্ষার্থীরা ভিড় জমায়। বিদ্যালয়গুলোতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। ফল ভালো হওয়ায় উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া হুমায়ুন রশিদ তার অনুভূতি জানাতে গিয়ে বলে, ‘খুব ভালো লাগছে। মা-বাবা ও স্কুলের শিক্ষকেরা সব সময় সাহস জুগিয়েছেন’। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষক আবদুর রহিম জানান, ‘ছাত্র-শিক্ষক-অভিভাবক সবার সম্মিলিত চেষ্টাতেই এমন সাফল্য এসেছে।’ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবারের সমাপনী পরীক্ষার জন্য জেলার সরকারি-বেসরকারি ও এনজিও সংস্থার ৩৩৫টি বিদ্যালয় থেকে পাঁচ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। পরীক্ষায় অংশ নিয়েছে পাঁচ হাজার ১৮ জন। ইবতেদায়িতে ৫৭৪ জন নিবন্ধন করে পরীক্ষা দিয়েছে ৪৯০ জন। প্রাথমিকে ৪৩১ জন ও মাদ্রাসায় ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। জেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘বান্দরবান পার্বত্য জেলা আর আগের মতো পিছিয়ে নেই। অনেক সমস্যা সত্ত্বেও শিক্ষার মান আগের চেয়ে বেড়েছে।’