চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলা থেকে অংশ নেওয়া নয়টি কলেজের সম্মিলিত পাসের হার ৮১ দশমিক ৮১ শতাংশ। যা গতবারের চেয়ে ১১ দশমিক ২৪ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছে নয়জন শিক্ষার্থী। যা গতবার ছিল চারজন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেওয়া সাত মাদ্রাসার সম্মিলিত পাসের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। যা গতবারের চেয়ে ২ দশমিক ১৯ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। যা গতবার ছিল সাতজন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন জানান, এবারের এইচএসসি পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলার নয়টি কলেজ থেকে এক হাজার ২১০ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করে ৯৯০ জন। পাসের হার ৮১ দশমিক ৮১ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭০ দশমিক ৫৭ শতাংশ। কোনো কলেজ থেকে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেনি। তবে সর্বোচ্চ পাসের হার রাঙ্গুনিয়া মহিলা কলেজে। এ কলেজ থেকে ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফেল করে মাত্র একজন। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। আর ১১৫ জনের মধ্যে ৬৩ জন পাস করায় পাসের হার সবচেয়ে কম উত্তর রাঙ্গুনিয়া কলেজে। এ কলেজে পাসের হার ৫৪ দশমিক ৭৮ শতাংশ।এদিকে জিপিএ-৫ পেয়েছে শিলক এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে চারজন, রাঙ্গুনিয়া কলেজে তিনজন, রাজানগর রানীর হাট ডিগ্রি কলেজে একজন ও সৈয়দা সেলিমা কাদের চৌধুরী মহিলা কলেজে একজন। উপজেলার সাত মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় ২০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করে ২০০ জন। পাসের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। যা গতবার ছিল ৯৬ দশমিক ৩৩ শতাংশ। শতভাগ পাস করেছে পাঁচটি মাদ্রাসার শিক্ষার্থীরা। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাজিল মাদ্রাসায় তিনজন, পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় পাঁচজন, মরিয়মনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় দুজন, চন্দ্রঘোনা মাদ্রাসা-এ-তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় ছয়জন, রাঙ্গুনিয়া আলম শাহপাড়া কামিল মাদ্রাসায় নয়জন ও জামেয়া নঈমিয়া তৈয়বিয়া ফাজিল মাদ্রাসায় পাঁচজন শিক্ষার্থী।