পাসের হার ৯৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৬ শতাংশ। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ সমাপনী পরীক্ষায় মোট তিন হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম বিভাগে এক হাজার ৬৩৬ জন, দ্বিতীয় বিভাগে এক হাজার ৫৭৯ জন ও তৃতীয় বিভাগে ২৬২ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ১৬১ জন। অন্যদিকে, ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় পাসের হার ৮৪ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৯১১ জন। পাস করেছে এক হাজার ৬০২ জন। লোহাগাড়ায় সমাপনী পরীক্ষায় আশানুরূপ ফলাফল হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা সবাই খুশি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমদ বলেন, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। পদুয়া ওয়ার্ডবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগে পাস করা সাবিদ হোসেন ও তাহমিনা সুলতানা জানায়, ফলাফল পেয়ে তারা খুব খুশি। শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং অভিভাবকদের অনুপ্রেরণা তাদের ভালো ফলাফলের পেছনে অন্যতম কারণ বলে তারা মনে করছে। অভিভাবক মো. জামাল ও মোহাম্মদ মিয়া বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ায় প্রতিযোগিতা সৃষ্টিতে এ সমাপনী পরীক্ষা নিঃসন্দেহে ভূমিকা রাখবে।প্রধান শিক্ষিকা জামিলা মাহাবুবা চৌধুরী প্রথম আলোকে জানান, বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বছরের শুরু থেকে নিবিড় অনুশীলন ও পর্যবেক্ষণের মাধ্যমে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করা হয়েছে।