
বনাঞ্চলে ঘেরা ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় বালুটিলা আদর্শ উচ্চবিদ্যালয়ের অবস্থান। বিদ্যালয়টির ৮ থেকে ১০ কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এসএসসি পরীক্ষায় পাসের হারও শতভাগ দুর্গম এলাকার এই বিদ্যালয়ের। এরপরও আলো ছড়ানো বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন হয়নি প্রতিষ্ঠার চার দশকেও।
১৯৮৪ সালে পাহাড় আর অরণ্যঘেরা দাঁতমারা এলাকায় শিক্ষার আলো জ্বালতে একটি দোচালা টিনের ছাউনি দেওয়া ঘরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শিক্ষাবিদ মোহাম্মদ আলী। জমি ও টাকা দিয়ে সাহায্য করে এলাকার অবস্থাসম্পন্ন গৃহস্থ থেকে শুরু করে কৃষক, দিনমজুর সব শ্রেণির মানুষ। প্রধান শিক্ষক মুহাম্মদ শাহ জামাল মজুমদারের মুখ থেকে শোনা গেল বিদ্যালয়টির যাত্রা শুরুর কাহিনি। শুরুতে যেমন ছিল, এখনো তেমনি এলাকার লোকজনের সহযোগিতায় বিদ্যালয়টি চলছে বলে তিনি জানান।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেল, এলাকাবাসীর তৈরি বিদ্যালয়ের দোচালা ঘরটি ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে। এরপর শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় লোকজনের সহায়তায় নির্মিত দুটি ভবনে এখন বিদ্যালয়ের কার্যক্রম চলছে। কিন্তু এরপরও শ্রেণিকক্ষের সংকট দূর হয়নি। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচটি শ্রেণির পাঠদানের চলছে জোড়াতালি দিয়ে। একটি কক্ষে চলছে দুটি শ্রেণির পাঠদান।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুহাম্মদ শাহ জামাল মজুমদার আরও জানান, প্রতিষ্ঠার শুরুতে অল্প কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক নিয়েই চলতে থাকে বিদ্যালয়ের পাঠদান। ধীরে ধীরে সচেতন হতে থাকে এলাকার লোকজন। বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। এরপর এমপিওভুক্ত হয় বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা চার শতাধিক আর শিক্ষক আছেন নয়জন।
এই বিদ্যালয়টির অবস্থান ফটিকছড়ি উপজেলা সদর থেকে ৫৫ কিলোমিটার দূরে। দুর্গম এলাকায় এর অবস্থান হওয়ায় অবকাঠামো উন্নয়নও হয়নি। পর্যাপ্ত আসবাব, শিক্ষা–সরঞ্জামের অভাব তো আছেই, নেই বিদ্যুৎ–সংযোগ, পাঠাগার ও পূর্ণাঙ্গ বিজ্ঞান গবেষণাগার। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দুটি ভবনের চারটি কক্ষে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। প্রতিটি শ্রেণিকক্ষেই শিক্ষার্থীরা বসেছে গাদাগাদি করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের দুটি ভবনের মধ্যে একটি পাকা ও একটি টিনের ছাউনি দেওয়া। একতলা পাকা ভবনটি ২০০০-২০০১ অর্থবছরে শিক্ষা অধিদপ্তরের ফ্যাসিলিটিজ বিভাগের উদ্যোগে নির্মিত হয়। তিন কক্ষের ওই ভবনের ওপরে স্থানীয় বাসিন্দারা আরও দুটি কক্ষ তৈরি করেছেন। সিমেন্টের আস্তরবিহীন সেসব কক্ষেও চলছে পাঠদান। এ ছাড়া ২০১২ সালে এক কক্ষের টিনের ছাউনি দেওয়া অপর ভবনটি স্থানীয় এক ব্যক্তির দানের টাকায় নির্মিত হয়। এখানে একটি কক্ষের মাঝে পার্টিশন দিয়ে তৈরি করা হয়েছে দুটি শ্রেণিকক্ষ। বিদ্যালয়ে কোনো সীমানাপ্রাচীর না থাকায় বখাটেদের উৎপাতও লেগে থাকে। নেই সুপেয় পানির ব্যবস্থাও।
বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এ নিয়ে অভিযোগের শেষ নেই। দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন নাঈম আকতার বলে, ‘বিদ্যালয়ের কিছু কিছু শ্রেণিকক্ষের দেয়ালে সিমেন্টের আস্তরণ নেই। তার ওপর অনেক কক্ষে দুটি শ্রেণির ক্লাস হচ্ছে। এতে শিক্ষক কি বলেন শিক্ষার্থীরা তা বুঝতে পারে না। বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ায় কোনো ক্লাস নেওয়া হয় না। নেই পাঠাগারও পূর্ণাঙ্গ বিজ্ঞান গবেষণাগার।’
প্রধান শিক্ষক শাহ জামালের মতে, বিদ্যালয়টি এলাকার আলোর প্রদীপ। এত সমস্যার মাঝেও শিক্ষার্থীরাও তাদের সাফল্য ধরে রেখেছে। গত তিন বছরে বিদ্যালয়ে পাসের হার শতভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকার শিক্ষা খাতকে অত্যধিক গুরুত্ব দিয়েছে। বিদ্যালয়টির অবকাঠামো সমস্যা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ বলেন, উপজেলা সদর থেকে ৫৫ কিলোমিটার দূরে হওয়ায় বিদ্যালয়টিতে অবকাঠামো উন্নয়ন করা যায়নি। তবে ধীরে ধীরে উন্নয়ন করা হবে।