পাসের হারে এগিয়ে নগর, পিছিয়ে জেলা

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হারে যথারীতি এগিয়ে আছে চট্টগ্রাম নগর। নগরের বাইরে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় এবার পাসের হার কমেছে। তবে জেএসসিতে পিছিয়ে থাকলেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সেরা তিন হয়েছে চট্টগ্রামের তিনটি উপজেলা।
জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে নগর ছাড়া চট্টগ্রাম জেলা, কক্সবাজার, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, জেএসসি পরীক্ষায় গতবারের তুলনায় এবার সব কটি জেলায় পাসের হার কমেছে। পাশাপাশি সেরা বিশের তালিকায় মহানগরের বাইরে জেলার মাত্র চারটি বিদ্যালয়ের ঠাঁই হয়েছে। এর মধ্যে অষ্টম হয়েছে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ। অন্য তিনটির মধ্যে ১৫তম হয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়, ১৬তম কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ১৯তম হয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
মফস্বল ও গ্রামে সুযোগ-সুবিধার অভাব, ভালো ও পর্যাপ্ত শিক্ষকের সংকটই নগরের সঙ্গে ফলাফলের ব্যবধান তৈরি করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও শিক্ষকেরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বোর্ডে মোট পাসের হার ৮৪ দশমিক ২৯ শতাংশ। মহানগরে ৯০ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করলেও চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় পাস করেছে তার চেয়ে কম, যার প্রভাব পড়েছে মোট পাসের হারের ক্ষেত্রে। এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫০ হাজার ৬১৭ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৬ হাজার ৯৫৩ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, শহর এলাকার অভিভাবকেরা সন্তানের পড়ালেখার ব্যাপারে অনেক বেশি সচেতন। তাঁরা সন্তানের জন্য প্রচুর সময় ও অর্থ বিনিয়োগ করেন। কিন্তু বাস্তবতার কারণে গ্রাম ও পাহাড়ি এলাকার অভিভাবকদের পক্ষে তা সম্ভব হয় না। ফলাফলে পার্থক্য থাকার এটাও একটি কারণ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, ফলাফলে বৈষম্য থাকার আরেকটি কারণ, শহর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পর্যাপ্ত পরিমাণ ভালো ও দক্ষ শিক্ষক আছেন। কিন্তু ওই শিক্ষকেরা আবার গ্রামে কিংবা পার্বত্যাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় থাকতে চান না। তাই শিক্ষক–সংকটের কারণে ওসব এলাকায় অনেক সময় নিয়মিত ক্লাসও হয় না।
জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম জেলায় গত বছর পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ হলেও এবার দাঁড়িয়েছে ৮২ দশমিক ৩৫ শতাংশ। কক্সবাজার জেলার হার ৮৬ দশমিক ২০ শতাংশ। গতবার ছিল ৮৮ দশমিক ১৮ শতাংশ। রাঙামাটি জেলার পাসের হার ৮৩ দশমিক ০৬ শতাংশ। গতবার এ হার ছিল ৮৪ দশমিক শূন্য ১ শতাংশ। খাগড়াছড়িতে গতবার ৮৪ দশমিক ৮৫ শতাংশ হলেও এবার পাস করেছে ৮০ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী। তবে সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে বান্দরবানে। গতবার ৮১ দশমিক শূন্য ৫ শতাংশ শিক্ষার্থী পাস করলেও এবার করেছে ৭৪ দশমিক ৩৩ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবারের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি বিদ্যালয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে। সেখানে পর্যাপ্ত ও প্রয়োজনীয় শিক্ষক নেই। দক্ষ শিক্ষকের অভাবও রয়েছে, যার প্রভাব পড়ছে ফলাফলে। অবশ্য সরকার এখন এদিকে নজর দিচ্ছে।’
তবে এই পরিস্থিতি উত্তরণের চেষ্টা চলছে বলে জানান পীযূষ দত্ত। তিনি প্রথম আলোকে বলেন, পাবলিক পরীক্ষার ফলাফলে গ্রাম-শহরের বৈষম্য কমিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে মফস্বল এলাকায় ভালো শিক্ষকদের থাকার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: জেএসসি পরীক্ষায় নগর এগিয়ে থাকলেও প্রাথমিকে গ্রাম–শহরে পাসের হারে ব্যবধান কম। এবার পাসের হারের দিক থেকে রাঙ্গুনিয়া প্রথম, ফটিকছড়ি দ্বিতীয় এবং পটিয়া তৃতীয় হয়েছে। এই পরীক্ষায় গড় পাসের হারের দিক থেকে শহর ও গ্রাম প্রায় সমানে সমান। চট্টগ্রাম জেলায় শহর ও উপজেলার গড় পাসের হার ছিল ৯৭ দশমিক ৮৭ শতাংশ।
বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, গ্রামের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফল করেছে। এটা একটা ভালো দিক। শহরের শিক্ষার্থীদের খারাপ করার কারণ খুঁজে বের করতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, খারাপ ফলের পেছনে ক্লাসে শিক্ষকদের মনোযোগের অভাবও থাকতে পারে। কারণ, শহরের শিক্ষকেরা ক্লাসে কম পড়িয়ে ছাত্রদের কোচিং সেন্টারমুখী করার প্রবণতা রয়েছে।