পাহাড় কাটার রকমফের!

কিছু পাহাড়ের ওপরের অংশ ন্যাড়া করে উজাড় করা হয়েছে গাছপালা। কয়েকটি পাহাড় কাটা হয়েছে খাড়াভাবে। আর কিছু কাটা হচ্ছে উঁচু চূড়া থেকে। এভাবে হরেক রকম কায়দায় কাটা হচ্ছে কক্সবাজার শহরের পাহাড়। প্রতিনিয়ত পরিবেশের ওপর এই আগ্রাসন চললেও কারও যেন মাথাব্যথা নেই।
স্থানীয় লোকজন জানান, যেসব পাহাড়ের ওপরের অংশ পরিকল্পিতভাবে উজার করা হয়, বৃষ্টি হলে এসব পাহাড়ের মাটি পানির তোড়ে নিচের দিকে নেমে পড়ে। কয়েক ঘণ্টায় বিশাল পাহাড়ের বেশির ভাগ অংশ ভেঙে যায়। এতে পাহাড় কাটতে আর শ্রমিক নিয়োগ করতে হয় না। খরচও কম হয়। অপরদিকে কিছু পাহাড় শ্রমিক দিয়ে খাড়াভাবে (উপর থেকে নিচে) কেটে ফেলা হচ্ছে। কেটে ফেলা মাটি ট্রাকবোঝাই করে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন স্থানে। তারপর সমতল পাহাড়ি ভূমিতে গড়ে উঠছে ঘরবাড়ি।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগ নিয়ে ভুমিদস্যুরা পাহাড়ে নিধনযজ্ঞ চালাচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে বেশি। বৃষ্টির পানিতে পাহাড়ি মাটি নেমে এসে শহরের নালা ভরাট হচ্ছে। সড়ক–উপসড়কের ওপর জমছে কাদা। তা ছাড়া পাহাড়ধসের ঘটনা বাড়ছে। অন্যান্য পাহাড়ের শক্ত ভীত দুর্বল হয়ে বিলীন হচ্ছে। উজাড় হচ্ছে গাছপালা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। দেশের সর্বোচ্চ আদালত থেকে পাহাড় কাটা বন্ধ করার জন্য নির্দেশনা আছে। কিন্তু এর বাস্তবায়নে উদ্যোগ নেই।

গত ৩১ আগস্ট সকালে শহরের পাহাড়তলী, বাদশাঘোনা, এবিসিঘোনা, লাইট হাউস, সার্কিট হাউস পাহাড় ও কলাতলী টিঅ্যান্ডটি পাহাড় ঘুরে দেখা গেছে, নানা পদ্ধতিতে উঁচু পাহাড়গুলো কেটে ফেলা হচ্ছে।
দিনে–দুপুরে কলাতলী পাহাড় কাটার কারণ জানতে চাইলে শ্রমিক সিরাজুল ইসলাম (৪২) বলেন, ‘দৈনিক ৫০০ টাকা মজুরিতে পাহাড়চূড়া কেটে সমতল করছি। চার দিন ধরে পাহাড়ের চারটি অংশ কেটে সমতল করা হলেও কেউ বাধা দিতে আসেনি।’ তবে তাঁকে কে নিয়োগ করেছেন, তা জানাতে অস্বীকৃতি জানান।
অনুসন্ধানের জানা যায়, এই পাহাড়ের সামনে সমুদ্রসৈকত ও হোটেল–মোটেল জোন। তাই প্রভাবশালী ব্যক্তিরা শ্রমিক নিয়োগ দিয়ে পাহাড়টি কেটে ফেলছেন। বর্তমানে পাহাড়ের প্রতি গন্ডা (দুই শতক) ভূমি আট থেকে ১০ লাখ টাকায় বিক্রি হচ্ছে।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, বর্ষা এলেই পাহাড় কাটার মহোৎসব চলে। কারণ, বৃষ্টির পানিতে পাহাড়ি মাটি দ্রুত নিচে নেমে যায়। এতে একদিকে শ্রমিক খরচ সাশ্রয় হয়, অন্যদিকে লোকজন ধরাছোঁয়ার বাইরে থাকে। তা ছাড়া সৈকত এলাকার জমিজমার দাম বেড়ে যাওয়ায় লোকজন পাহাড় নিধনে নেমেছে।
পরিবেশবাদীরা জানান, শহরের পাহাড়তলী, ইসলামপুর, হালিমাপাড়া, লাইট হাউস, পূর্ব লাইট হাউস, ফাতেরঘোনা, বাদশাঘোনা, ঘোনারপাড়া, দক্ষিণ রুমালিয়ার ছড়া, সাহিত্যিকা পল্লি, কলাতলী সৈকতপাড়া, আর্দশ গ্রাম, কলাতলী পুলিশ লাইনের পেছনে, লারপাড়া, বিডিআর ক্যাম্পের পাশে, ঝিলংজা বিট কার্যালয়ের পাশে পাহাড় কাটা চলছে সমানে। এসব পাহাড়ে ১৫ হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে অন্তত আড়াই লাখ মানুষ। এর মধ্যে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা অন্তত এক লাখ।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, গত পাঁচ মাসে লাইট হাউস, হিলটপ, পাহাড়তলী ও কলাতলী পাহাড়ে ১৫টির বেশি অভিযান চালিয়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। এ ব্যাপারে ৭১ জন ভূমিদস্যুর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ১৩টি মামলা করা হয়েছে। তার পরও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। আগে দিনের বেলায় পাহাড় কাটা হতো। প্রশাসন তৎপর হওয়ায় ভূমিদস্যুরা এখন রাতে পাহাড় কাটা চালাচ্ছে।