পাহাড় কেটে প্রতিদিন তৈরি হচ্ছে ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাতলী এলাকায় উঁচু পাহাড়ে গড়ে উঠেছে অবৈধ ঘরবাড়ি l প্রথম আলো
কলাতলী এলাকায় উঁচু পাহাড়ে গড়ে উঠেছে অবৈধ ঘরবাড়ি l প্রথম আলো

প্রতিবেশ সংকটাপন্ন কক্সবাজার সমুদ্রসৈকত–সংলগ্ন কলাতলী সৈকতপাড়া সরকারি মালিকানাধীন পাহাড়নিধন বন্ধ হচ্ছে না। পাহাড় কেটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন ঘরবাড়ি। আশপাশের আরও কয়েকটি পাহাড়ের একই অবস্থা। 
৩ ডিসেম্বর সরেজমিনে কলাতলীর টিঅ্যান্ডটি ও সৈকতপাড়া পাহাড় ঘুরে দেখা গেছে, উঁচু পাহাড় কেটে সেখানে অসংখ্য টিনের ঘর তৈরি করা হয়েছে। পাশে আরও কয়েকটি ঘর নির্মাণের কাজ চলছে। নির্মিত ঘরে ঝুঁকি নিয়ে বসবাস করছে ভাসমান নারী-শিশুসহ অসংখ্য মানুষ। দিনে–দুপুরে লোকজন উঁচু পাহাড় কেটে সমতল করলেও কেউ বাধা দিচ্ছে না।
শহরের লাইটহাউস পাহাড়, আদর্শগ্রাম, পাহাড়তলী, জাদিরাম পাহাড়, হিলটপ সার্কিট হাউস পাহাড় কেটেও অসংখ্য ঘরবাড়ি তৈরি করা হয়েছে।
বন ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, শহরের প্রায় ৭০০ একরে ছোট-বড় ১২টি পাহাড়ে বর্তমানে ২০ হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে অন্তত আড়াই লাখ মানুষ। এর মধ্যে অন্তত এক লাখ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা।
কলাতলী পূর্ব লাইট হাউসপাড়া সমাজ কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, উঁচু পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি হওয়ায় পরিবেশ–প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। অন্যদিকে বাড়ছে ঝুঁকিপূর্ণ বসতি। গত আগস্ট মাসে এই এলাকায় পাহাড়ধসে সাত বছরের এক শিশু মারা গেছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, গত এপ্রিল মাসে পরিবেশ অধিদপ্তর শহরের একাধিক পাহাড়ে অভিযান চালিয়ে তিন শতাধিক অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করেছে। এ সময় ৯৭ জন দখলদারের বিরুদ্ধে কক্সবাজার থানায় ১৮টি মামলা করা হয়েছে। কিন্তু তার পরও পাহাড়নিধন বন্ধ করা যাচ্ছে না। এর অন্যতম কারণ জনবল-সংকট।
মেয়রসহ ১০ সরকারি কর্মকর্তাকে নোটিশ: প্রতিবেশ সংকটাপন্ন সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী এলাকায় নির্বিচারে পাহাড় কাটা বন্ধ ও পাহাড় কাটা ভূমিতে তৈরি করা ঘরবাড়ি উচ্ছেদের জন্য কক্সবাজার পৌরসভার মেয়রসহ ১০ জন সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। গত ২০ নভেম্বর ডাকযোগে ওই নোটিশ পাঠিয়েছেন বেলার আইনজীবী মো. ইকবাল কবির।
নোটিশে এসব এলাকায় দ্রুত পাহাড় কাটা বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
মো. ইকবাল কবির বলেন, এর পরও যদি কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা না নেয়, তাহলে পর্যটন শহর কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশ রক্ষার স্বার্থে বেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
বেলার নোটিশ প্রসঙ্গে পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, ‘এখন পর্যন্ত ওই ধরনের কোনো নোটিশ পাইনি। পেলে সন্তোষজনক জবাব দেওয়া হবে।’
মেয়র জানান, পাহাড় কাটা বন্ধ করতে তিনি নানা চেষ্টা করছেন। কিন্তু ফল পাচ্ছেন না। বসবাসের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে পাহাড় থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে আনাও কঠিন হয়ে পড়েছে।
একই কথা বলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। তিনি বলেন, পাহাড় কাটা বন্ধে প্রায় সময় অভিযান চলে। শিগগির ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।