পাহাড় কেটে বাড়ি নির্মাণ ভূমিধসের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের প্রবেশমুখে পাহাড় কেটে ​তৈরি করা হচ্ছে বসতবাড়ি। পাহাড় ধসে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও বসতি স্থাপন বন্ধ হচ্ছে না l সুপ্রিয় চাকমা
রাঙামাটি শহরের প্রবেশমুখে পাহাড় কেটে ​তৈরি করা হচ্ছে বসতবাড়ি। পাহাড় ধসে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও বসতি স্থাপন বন্ধ হচ্ছে না l সুপ্রিয় চাকমা

রাঙামাটি বেতার ও টেলিভিশন কেন্দ্রের পাশে নতুন গড়ে ওঠা বসতি শিমুলতলীতে অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণের কারণে ভূমিধসের আশঙ্কা বাড়ছে। ওই এলাকায় নির্মিত সাত শতাধিক বাড়ির মধ্যে অধিকাংশই নির্মাণ করা হয়েছে খাড়াভাবে পাহাড় কেটে।
তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, পাহাড় কাটা না হলে সেখানে বাড়ি নির্মাণ করা সম্ভব নয়। শিমুলতলীর বাসিন্দা মো. সোহরাব হোসেন (৪৮) বলেন, ‘আমার গরিব মানুষ। শহরে থাকার মতো অবস্থা নাই। তাই কষ্ট করে পাহাড় কেটে পাখির বাসার মতো বাড়ি করে থাকতে হয়। ভূমিধসের আশঙ্কা থাকলেও করার কিছু নাই। পাহাড় না কাটলে বাড়ি করা যেত না।’
১ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দক্ষিণ পাশে কয়েকটি পাহাড়ে গড়ে উঠেছে বসতি। সব কটি পাহাড় বেশ উঁচু। পাহাড়ের মাটি কেটে নির্মাণ করা হয়েছে বাড়ি। এ ছাড়া পাহাড় কেটে খাড়া সিঁড়ি তৈরি করায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। বর্ষায় ভারী বৃষ্টি হলে এই এলাকায় পাহাড় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন জনপ্রতিনিধি ও পরিবেশ আন্দোলনের কর্মীরা।
এমন আশঙ্কার কথা জানান রাঙামাটি পৌরসভার স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর ধীরেন্দ্র চাকমা। তিনি বলেন, ওই এলাকায় এখন দৈনিক ১০ থেকে ১২টি পর্যন্ত বাড়ি নির্মাণ করা হচ্ছে। এভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করায় ভূমিধসের আশঙ্কা বাড়ছে। বিষয়টি প্রশাসনকে জানানোর পরও বাড়ি নির্মাণ বন্ধের কোনো উদ্যোগ নেই।
ভূমির বন্দোবস্ত না থকলেও কেবল দখলি স্বত্ব কিনে ওই এলাকায় বাড়ি করছেন লোকজন। মর্জিনা বেগম (৩৫) নামের স্থানীয় এক নারী জানান, শিমুলতলী এলাকায় কমপক্ষে ৭০০ পরিবার রয়েছে। এর মধ্যে কিছু আদিবাসী পরিবার ছাড়া সবাই বাঙালি। বাড়ির জায়গার বন্দোবস্ত আছে কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা জায়গাটির দখলি স্বত্ব কিনেছি। এলাকার সবাই একইভাবে দখলি স্বত্ব কিনে বাড়ি নির্মাণ করেছে।’
বসিত গড়ে ওঠার প্রক্রিয়া জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন আদিবাসী বলেন, শিমুলতলী এলাকাটি শহরের ভেদভেদি এলাকার অংশ। জায়গাটি ছিল কয়েকজন আদিবাসীর দখলে। বন্দোবস্ত না থাকায় বাঙালিরা এসে দখল নেওয়া শুরু করেন। এখন সেখানে দখলি স্বত্ব বেচাকেনা চলছে। ওই সব পাহাড়ে প্রতিদিন গড়ে উঠছে ছোট ছোট বাড়ি।
স্থানীয় কয়েক ব্যক্তি জানান, স্বয়ং পৌরসভার প্যানেল মেয়র রবিউল আলমের নেতৃত্বে শিমুলতলীতে বাড়ি নির্মাণের জন্য পাহাড় কাটা হয়েছে। শহরের পৌরসভা কার্যালয়সংলগ্ন নয়টি পরিবারকে পুনর্বাসনের লক্ষে্য ওই স্থানে পাহাড় কাটা হয়েছে। শিমুলতলীর দক্ষিণ দিকে গিয়ে দেখা যায়, পাহাড়ের ঢালু জায়গা সিঁড়ির মতো করে কাটা হয়েছে। এভাবে মাটি কাটায় যেকোনো সময় পাহাড় ধসে পড়তে পারে।
এ বিষয়ে রবিউল আলম জানান, পাহাড়ে বাড়ি নির্মাণ করতে হলে একটু মাটি কাটতে হয়। তা না হলে বাড়ি নির্মাণ করা সম্ভব নয়। রবিউল আলম স্বীকার করেন, পৌরসভা কর্তৃপক্ষও দখলি স্বত্ব কিনে সেখানে নয় পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করছে। এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নাই। আমি দেখব।’