পাহাড়চূড়ায় 'টাইটানিক'

চারদিকে সবুজ। মাঝখানে পাহাড়ের ওপর আস্ত জাহাজ। সাগরের জাহাজ ডাঙায়! তাও একেবারে পাহাড়চূড়ায়। আছে আরও বিস্ময়—এই জাহাজের নাম ‘টাইটানিক’। এবার একটু ভিরমি তো খেতেই পারেন। এ কীভাবে সম্ভব! টাইটানিক তো সে কবে আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। এ আবার কোন টাইটানিক? পাঠক এ এক নতুন টাইটানিক। যেটি নোঙর করেছে সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় হাজার ফুট ওপরে বান্দরবানের লামার মিরিঞ্জা পাহাড়ে। যেই জাহাজটির ডেকে দাঁড়িয়ে দেখা যায় দূরের সমুদ্রে সূর্যের অস্ত যাওয়া, পাহাড়ে মেঘের লুটোপুটি।
এবার একটু খোলাসা করি, এটি আদতে জাহাজের আদলে করা পর্যটনকেন্দ্র। লামা উপজেলায় প্রবেশের একটু আগে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে কৃত্রিম এই জাহাজটির অবস্থান। আমরা যখন সেখানে পৌঁছি তখন বিকেল।
লোহার সিঁড়ি ভেঙে জাহাজের ডেকে উঠতেই অন্য রকম অনুভূতি। প্রকৃতির অপার সৌন্দর্য মুহূর্তের জন্য ভুলিয়ে দেয় সবকিছু। জাহাজের ওপর দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকালে দেখা যায়, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। এদিকে ততক্ষণে সাদা মেঘের ভেলা শরীর ছুঁয়ে যাচ্ছে। নিচে ১১টি আদিবাসী সম্প্রদায়ের জীবনগাথা, টংঘর, জুমখেত, ঝরনা—এমন অপরূপ দৃশ্য ভালো লাগবে যে কারও। ইচ্ছে হবে একটা রাত এখানেই কাটিয়ে দেওয়ার। অবশ্য সমস্যা নেই, থাকার জন্য লামা বাজারে রয়েছে শীতাতপনিয়ন্ত্রিত মিরিঞ্জা হোটেল।
কীভাবে হলো পাহাড়চূড়ার এই টাইটানিক? জানা গেল, ২০০১ সালের শেষ দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন হেলালুদ্দিন আহমদ। তিনি আবিষ্কার করেন লামা শহরে ঢুকতে রাস্তার পাশের বিশাল পাহাড়টি দূর থেকে দেখতে জাহাজের মতো। বিষয়টি তাঁকে নাড়া দেয়। তিনি সেখানে পর্যটনকেন্দ্র তৈরির পরিকল্পনা করলেন। যে চিন্তা সেই কাজ। অবশেষে ২০০৩ সালের ১৭ সেপ্টেম্বর ১৬ একর পাহাড়ি ভূমি নিয়ে নির্মিত হয় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স। পাহাড়ের নামকরণ হলো ‘টাইটানিক পাহাড়’।
শুধুই কি জাহাজ! আছে আরও অনেক কিছু। পাহাড়ের চূড়ায় পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে সুরম্য গিরিদ্বার, বাংলো ও অভ্যর্থনাকক্ষ। রাত যাপনের জন্য আছে ‘বনরত্না’ বাড়ি। রয়েছে সংযোগ সেতুসহ গোলঘর ‘মালঞ্চ’। আছে টেলিস্কোপ ও প্ল্যাটফর্ম। পূর্ণিমা রাতে চাঁদ দেখার জন্য নির্মাণ করা হয়েছে চন্দ্রিমা গোলঘর। শিশুদের বিনোদনের জন্য রয়েছে শিশুপার্ক। রয়েছে পিকনিক স্পট।
স্থানীয় আদিবাসীরা জানান, টাইটানিকের এখন অনেক কিছু নষ্ট হয়ে গেছে। ইট-সিমেন্ট দিয়ে তৈরি টাইটানিক জাহাজের চারদিকের লোহার রেলিং ও নিচের ডেকে মরিচা ধরে ভেঙে পড়ছে।
তার পরও মিরিঞ্জা অসাধারণ পর্যটন স্পট। শহুরে একঘেঁয়ে জীবন থেকে বেরিয়ে যাঁরা প্রকৃতির নির্জনতা উপভোগ করতে চান তাঁরা মিরিঞ্জা অথবা টাইটানিক দেখে আসতে পারেন। মিরিঞ্জা পর্যটন করপোরেশনের একটি প্রতিষ্ঠান। সার দিন মিরিঞ্জা ঘুরে সন্ধ্যায় লামা অথবা আলীকদম সদরে ফিরে যেতে পারেন। সেখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে।
টাইটানিক জাহাজ দেখতে হলে প্রথমে যেতে হবে চকরিয়া বাস টার্মিনাল। সেখান থেকে বাস অথবা চাঁদের গাড়িতে (খোলা জিপ) লামা-আলীকদম সড়ক ধরে ১৬ কিলোমিটার গেলেই মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স।