পাহাড়জুড়ে ধান কাটার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শিজকছড়া এলাকায় চিক্কা চাকমা, উৎপল চাকমা ও জ্যোতি চাকমা একসঙ্গে জুম খেতের ধান কাটছিলেন। ধান কাটার আগে ছাগল ও মুরগি জবাই করে ক্রিয়কর্ম সারতে হয়েছে। এরপর দম ফেলার ফুরসত ছিল না কারও। ঘেমেনেয়ে একাকার তাঁরা। তবু ফলন ভালো হওয়ায় পরিশ্রম গায়ে লাগছিল না। সবার মুখেই ছিল তৃপ্তির হাসি।
২৬ আগস্ট শিজকছড়া এলাকার একটি জুম খেতে কথা হচ্ছিল তাঁদের সঙ্গে। কাজের ফাঁকে ফাঁকে তাঁরা জানালেন, বাঘাইছড়ি উপজেলায় এখন চলছে জুমের ফাং (ধান কাটা) উৎসব। এ বছর ফলন বেশ ভালো হয়েছে। তা ছাড়া বন্য প্রাণী ও পাখির উপদ্রবও কম ছিল। মুরগি-ছাগল বলি দিয়ে ধান কাটা শুরু করেছে অনেক আদিবাসী। নতুন ধান তোলা উপলক্ষে জুমচাষিদের বাড়ি বাড়ি খানাপিনা ও নাচ-গানের আয়োজন করা হয়েছে।
ভাদ্র মাসের এই রোদ, এই বৃষ্টি—এমন স্বস্তি কেড়ে নেওয়া আবহাওয়ায় একটানা পরিশ্রম করা বেশ কঠিন হলেও জুমচাষিদের মধ্যে ক্লান্তির ছাপ দেখা যায়নি। গোলায় নতুন ধান উঠছে বলে রং লেগেছে মনে। সম্প্রতি সাজেক ইউনিয়নের শিজকছড়া, ধুম্মছড়ি, লক্ষ্মীছড়ি, নিউলংকর, থালছড়া ও বাঘাইছড়ি ইউনিয়নের দোসর, গবছড়ি এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় ১৫ থেকে ২০টি পরিবার উৎসবমুখর পরিবেশে একসঙ্গে জুমের ধান কাটা শুরু করেছে।
জুমচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে জুমে জঙ্গল কাটা হয়। এপ্রিলের মাঝামাঝি সময়ে বিভিন্ন ধানের পাশাপাশি, ভুট্টা, মরিচ, তিল, তুলা, আদা, হলুদসহ বিভিন্ন সবজির বীজ বপন করা হয় জুম খেতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় জুম চাষের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার একরের বেশি। কিন্তু আর্থিক অনটনের কারণে মাত্র দুই হাজার ৫০০ একর জমিতে জুম চাষ করেছে আদিবাসীরা।
সাজেক ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়াের্ডর সদস্য উদয়ন চাকমা বলেন, ‘আমার এলাকায় কয়েক শ জুমচাষি পরিবার রয়েছে। এর মধ্যে এক–তৃতীয়াংশ জুমিয়া পরিবার ধান কাটা শুরু করেছে। পর্যায়ক্রমে বাকিরা ধান কাটা শুরু করবে। কিছু জুমচাষি আমাদের আদিকালের রীতি অনুযায়ী ছাগল, শূকর ও মুরগি বলি দিয়ে পাকা ধান কাটা শুরু করেছেন।’
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘আমার ইউনিয়নে তিন থেকে চার হাজার পরিবার জুম চাষ করে। তারা সবাই গরিব, অভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভূমিহীন। যেসব এলাকায় তারা বাস করে, সেখানে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। দুই থেকে তিন দিন হেঁটে বাজার আসে তারা।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহীনূর ইসলাম বলেন, উপজেলায় এবারে তিন হাজার একরের বেশি জুম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু চাষ করা হয়েছে আড়াই হাজার একর জমিতে। জুমের ধান ইতিমধ্যে পাকতে শুরু করেছে। অনেক জুমচাষি ধান কাটা শুরুও করেছেন। জুম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ফলন ভালো হওয়ায় ঘাটতি পুষিয়ে যাবে।