কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন। এই ইউনিয়নের চালিয়াতলীর পাহাড়ি এলাকায় তিন বছর আগে ঘর ছিল ৫০টি। এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৫০টিতে। আঁধারঘোনায় ও ষাইটমারায়ও পাহাড়ের পাদদেশে তিন বছরে ঘরে বেড়েছে কমপক্ষে ২০০টি। এদিকে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার পাহাড়েও বেড়েছে বসতঘর। একই চিত্র শাপলাপুর, ছোট মহেশখালী ও বড় মহেশখালী ইউনিয়নেও।
পাঁচ ইউনিয়নের পাহাড়ে গত তিন বছরে নতুন করে কমপক্ষে ৪০০ বসতঘর গড়ে উঠেছে। সরেজমিন ঘুরে স্থানীয় লোকজন, বন বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া যায়।
বন বিভাগের মহেশখালী রেঞ্জ সূত্রে জানা যায়, উপজেলার হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর, ছোট মহেশখালী ও বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে বন বিভাগের মালিকানাধীন পাহাড়ে বসতঘর গড়ে উঠেছে প্রায় ১০ হাজার। এই সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিবছর বর্ষা এলে পাহাড় কেটে এসব ঘর তৈরি করা হয়। এভাবে নির্বিচারে পাহাড় নিধন করায় হুমকির মুখে পড়েছে পরিবেশ। পাহাড়ের বসতি বেড়ে যাওয়ায় সামনের বর্ষায়ও পাহারধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কালারমারছড়া চালিয়াতলীর পাহাড়ে অসংখ্য ঘর। টিনের চালার দুই কক্ষের এসব ঘর মাটি ও বেড়ার তৈরি। কথা হয় এখানকার বাসিন্দা নজরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, জামাল হোসেন ও মোহাম্মদ আলমের সঙ্গে। তাঁরা জানান, তাঁদের বাড়ি ধলঘাটায়। সাগরের ভাঙনে ঘরবাড়ি বিলীন হওয়ার পর এখানে আশ্রয় নিয়েছেন। ঝুঁকি প্রসঙ্গে বলেন, তাঁদের সামর্থ্য নেই অন্য কোখাও গিয়ে ঘরবাড়ি নির্মাণের। তাই ঝুঁকি জেনেও এখানে থাকছেন। হোয়ানক, শাপলাপুর, ছোট মহেশখালী ও বড় মহেশখালীতেও দেখা যায় একই আদলের ঘর। এখানেও স্থানীয় ও আশপাশের এলাকার লোকজন ঘর তৈরি করে বসবাস করছেন। কালারমারছড়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম বলেন, পাহাড়ধসে দুই বছর আগে এই এলাকায় চারজনের প্রাণহানি ঘটে। কিন্তু ঝুিঁকপূর্ণ বসতবাড়ির লোকজন বৃষ্টির আগেই সরে না গেলে আবার পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
কালারমারছড়া ইউপি চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী বলেন, মহেশখালীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে অন্তত ৩০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করছে। পাহাড় থেকে এদের সরে গিয়ে অন্যত্র আশ্রয় নিতে বললেও তাঁরা এসব কথা কানে তুলেন না।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের পর থেকে উপকূলীয় মাতারবাড়ি, ধলঘাট ও কুতুবদিয়ার লোকজন পাহাড়ে পাদদেশে বসতি স্থাপন করে আশ্রয় নেন। বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে। গত পাঁচ বছরে এসব স্থানে পাহাড়ধসে ১১ জনের মৃত্যু হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে ভারী বৃষ্টির সময় পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা থাকায় আগেভাগেই ঝুিঁকপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার ব্যাপারে এলাকায় প্রচারণা চালাতে সকল ইউপি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়। তাঁরা সে অনুযায়ী কাজ করেন। কিন্তু পাহাড়ে বসবাসকারীরা শোনেন না তাঁদের কথা।
জানতে চাইলে মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক বলেন, কয়েক মাস আগেও কালারমারছড়া ও হোয়ানকের পাহাড়ে নির্মাণের সময় চারটি ঘর উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া পাহাড়ের পাদদেশে এক হাজার অবৈধ বসতি সরাতে উচ্ছেদ মামলা করা হয়েছে। নিষ্পত্তি হলে উচ্ছেদ অভিযান শুরু হবে।