পাহাড়ে রবির আলোয় বর্ষা বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলপ্রদীপ হাতে মঞ্চে এলেন একদল আদিবাসী তরুণ-তরুণী। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করলেন উপস্থাপিকা। উপলক্ষ বর্ষা, কিন্তু প্রেরণা রবীন্দ্রনাথ। নাচের আসরের শুরুটাও হলো ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সুরে।
গত ২৬ জুলাই রাঙামাটির রাঙাপানিতে অবস্থিত দাতব্য প্রতিষ্ঠান মোনঘরের উদ্যোগে আয়োজিত হয়েছিল নাচের আসর। ২১ দিনব্যাপী নাচের কর্মশালার সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। প্রশিক্ষক ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী ফিফা চাকমা। তাঁকে সহযোগিতা করেন নৃত্য প্রশিক্ষক টিটু চাকমা। কর্মশালায় অংশগ্রহণকারীরা রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচ করেছেন। পাশাপাশি ছিল কত্থক ও সৃজনশীল নাচ।
অনুষ্ঠানের শুরুতে উপস্থাপিকা মুন চাকমা রবীন্দ্রনাথকে শ্রদ্ধানিবেদন করে বলেন, ‘আমাদের পথপ্রদর্শক, যার জ্ঞানের আলো অজ্ঞানতার অন্ধকার দূর করে তিনিই আমাদের কবিগুরু।’ নাচের প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জন নৃত্যশিল্পী মোট আটটি নাচ পরিবেশন করেন।
অনুষ্ঠানে ফিফা চাকমার পরিচিতি তুলে ধরা হয়। কৃতী এই শিল্পী ২০১২-১৩ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘কত্থক নৃত্যে’ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন। ভারতে আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়সহ নানা প্রতিযোগিতায় পেয়েছেন বহু পুরস্কার। এর আগে ঢাকায় নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও সািদ মহম্মদের ‘নৃত্যাঞ্চলে’ নাচ শিখেছেন।
ফিফা চাকমা রাঙামাটিতে একটি নাচের স্কুল পরিচালনার পাশাপাশি আদিবাসী নৃত্যের শিকড়ের সন্ধানে কাজ করছেন। নাচে তাঁর উদ্ভাবনী চিন্তা ইতিমধ্যে রাঙামাটিতে সমাদর লাভ করেছে।