পাহাড়ের সুরে, ছন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ সাংস্কৃতিক অঙ্গন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা l প্রথম আলো
আনন্দ সাংস্কৃতিক অঙ্গন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা l প্রথম আলো

পাহাড়ি নাচ ও গানের মধ্য দিয়ে গোটা মিলনায়তন যেন এক টুকরো পাহাড় হয়ে উঠেছিল। আসরে আসা দর্শকেরাও যেন উপলব্ধি করলেন পার্বত্য চট্টগ্রামের প্রকৃত সৌন্দর্য। 
গত ২৫ সেপ্টেম্বর নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য জেলার ১০টি আদিবাসী গোষ্ঠী নিয়ে অনুষ্ঠিত হয় আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ‘পাহাড়ের অন্তরালে’ শিরোনামের সাংস্কৃতিক আয়োজন।
চথুইপ্রু মারমার গাওয়া গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছিল মারমা নৃত্যশিল্পীদের ময়ূর বা উদং নাচ। মারমা শিল্পীদের পর ম্রো শিল্পীরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী লোকগান ও চাংক্রান নাচ। এরপর খেয়াং ভাষায় রচিত একটি আধুনিক গান গেয়ে শোনান শিল্পী মং হলা প্রু খেয়াং। গান শেষে খেয়াং সম্প্রদায়ের নৃত্যশিল্পীরা মাছ ধরা নাচ পরিবেশন করেন। জুমচাষের গান ও নাচ পরিবেশন করেন তঞ্চঙ্গ্যা শিল্পীরা। গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন পিংকি তঞ্চঙ্গ্যা।
শিল্পী এ সাইনু চাক মঞ্চে পরিবেশন করেন চাক ভাষায় দেশের গান। এরপর চাক নৃত্যশিল্পীরা নববর্ষের নাচ পরিবেশন করেন। চাক শিল্পীদের পর বম ভাষায় প্রেমের গান পরিবেশন করেন রুন রেম পার বম। এরপর শিকার নাচ পরিবেশন করেন বম শিল্পীরা।
অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মাননা প্রদান করা হয় বান্দরবানের চ থুই প্রু ও রাঙামাটির সুরেজ ত্রিপুরাকে। শুভেচ্ছা বক্তব্য দেন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক লিটন মিত্র। এরপর আবার শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে চাকমা শিল্পীরা পুষ্প নাচ পরিবেশন করেন। প্রেমের গান পরিবেশন করেন কোয়েল চাকমা। ঐতিহ্যবাহী বাঁশ নৃত্য পরিবেশন করেন লুসাই সম্প্রদায়ের নৃত্যশিল্পীরা। জোনাকি লুসাই গান পরিবেশন করেন মঞ্চে।
পাংখুয়া সম্প্রদায়ের নৃত্যশিল্পীরা মঞ্চে আসেন ফ্রাওয়ার নৃত্যের পরিবেশনা নিয়ে। এরপর আবেল পাংখুয়ার কণ্ঠে পরিবেশিত হয় গান। সবশেষে মঞ্চে ছিল ত্রিপুরা সম্প্রদায়ের পরিবেশনা। বোতল নৃত্যের পরিবেশনার মাধ্যমে তাঁরা মুগ্ধ করেন দর্শকদের। রাত্রী ত্রিপুরার গানের মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।