পাহাড় আর সমুদ্রের কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা সফরে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা
শিক্ষা সফরে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা

বসন্তের সূচনালগ্ন। মিডটার্ম পরীক্ষার ঠিক পর পরই প্রকৃতির নতুন রূপ, রঙে রাঙানোর এমনই এক সুযোগ পেয়ে যান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা।
ঢাকার যান্ত্রিকতা ও প্রতিদিনের নিয়ম-কানুনকে পিছে ফেলে বিনোদনে মেতে ওঠার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও হাতে-কলমে শিক্ষা দানই এ শিক্ষা সফরের মূল উদ্দেশ্য।
মোট ১০৬ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক নিয়ে তিনটি বাস ১৪ ফেব্রুয়ারি রাতে কাপ্তাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। কাপ্তাই গিয়ে প্রথমেই দেখা হয় জলবিদ্যুৎ কেন্দ্র ‘কাপ্তাই হাইড্রো পাওয়ার স্টেশন’। সারা দিন পাওয়ার স্টেশনের বিভিন্ন ইউনিট ঘুরে দেখার পর সেখান থেকে যাওয়া হয় বান্দরবান। বান্দরবানের নীলগিরি ও চিম্বুক পাহাড়ি শৈলপ্রপাতের অপূর্ব সৌন্দর্য্য সবাইকে মুগ্ধ করে। বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে ফের বাস ভ্রমণ। পরদিন সকালে কক্সবাজারের পাওয়ার গ্রিড সাব স্টেশন পরিদর্শন শেষে আবার সেই প্রকৃতির কাছে আত্মসমর্পণ। হিমছড়ির চোখ জুড়ানো রূপ আর ইনানি সমুদ্র সৈকতে সূর্যাস্ত এক স্বর্গীয় অনুভবের সৃষ্টি করে। কক্সবাজার থেকে বাসে টেকনাফ পৌঁছানোর পর সেখান থেকে জাহাজে সেন্টমার্টিন যাওয়া আরেক নতুন অভিজ্ঞতা, সমুদ্রের বুক চিরে জাহাজ ছুটে চলে গন্তব্যস্থলে। কখনো বা উড়ে আসে গাঙচিলের ঝাঁক। সেন্টমার্টিনে গিয়ে দেখা হলো হুমায়ূন আহমেদের ‘সমুদ্র বিলাস।’ সেদিন পুরো দিনটাই পার হয়ে যায় সাগরপারের প্রবাল ও শামুক-ঝিনুক কুড়িয়ে। সেন্টমার্টিনের ডাব আর নতুন নতুন প্রজাতির বিশাল আকৃতির মাছের কথা না বললেই নয়। রাতে চলে বারবিকিউ আর সেই সঙ্গে সুরে-বেসুরে গলা ছেড়ে গান। পরদিন সকালে ট্রলারে করে ছেড়া দ্বীপ ভ্রমণ শেষে জাহাজে টেকনাফ ফিরে আসা হয়। ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুরো দলটি ঢাকার উদ্দেশ্যে বাসে চাপে। পাহাড়, সমুদ্র, ঝর্ণার নৈসর্গিক সৌন্দর্য পেছনে রেখে আবার ফিরে আসে সেই নিয়মবাঁধা জীবনে।