পাহাড় এখন আতঙ্কিত জনপদ নাগরিক সমাজে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন মাস শান্ত থাকার পর হঠাৎ অশান্ত হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। সহিংস ঘটনায় পাহাড়ের দুর্গম এলাকায় আবারও দেখা দিয়েছে আতঙ্ক ও উত্তেজনা। গত বুধবার রাত ও শুক্রবার ভোরে তিনটি পৃথক স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে সাতজন মারা গেছেন। জানা গেছে, ১৯৯৭ সালের শেষ দিকে পার্বত্য এলাকার দীর্ঘদিনের সমস্যার রাজনৈতিক সমাধানে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি একটি চুক্তি করে। পার্বত্য শান্তিচুক্তি নামে এটি সবার কাছে পরিচিত। কিন্তু জনসংহতি সমিতির সহযোগী পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের একটি অংশ প্রসিত বিকাশ খীসার নেতৃত্বে ওই চুক্তিকে ‘আপসের চুক্তি’ আখ্যায়িত করে গঠন করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ইউপিডিএফ শুরু থেকে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে।ইউপিডিএফ গঠনের পর থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এরপর গত এক দশকের বেশি সময় পার্বত্য চুক্তির পক্ষ-বিপক্ষ আদিবাসীদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘর্ষ, খুন, অপহরণের ঘটনা ঘটে চলেছে। তবে এ পর্যন্ত কতজন খুন-অপহরণ হয়েছেন, তার সঠিক তথ্য কোনো পক্ষের কাছে নেই। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা দাবি করেন, সরকারের কাছে অস্ত্র জামদানকারী প্রত্যাগত ৭০ জনসহ জনসংহতি সমিতির কমপক্ষে দুই শতাধিক সদস্য খুন হয়েছেন। আর অপহরণ হয়েছেন প্রায় ২৫০ জন।অপরদিকে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সমন্বয়কারী মাইকেল চাকমার দাবি, তাঁদের সংগঠনের কমপক্ষে পাঁচ শতাধিক নেতা-কর্মী, সমর্থক প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। অপহূত হয়েছেন এক হাজারের বেশি।জানা যায়, ভ্রাতৃঘাতী সংঘর্ষের বিষয়ে প্রায় সব জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মনে ক্ষোভ ও হতাশা থাকলেও কেউ মুখ খুলে কিছু বলতে চান না। তাঁদের মতে, কিছু বলে কারও কাছে বিরাগভাজন হওয়া মানে পরবর্তী লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। এ ব্যাপারে কয়েকজন সাধারণ মানুষ ও জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে প্রায় সবাই এক বাক্যে বলেছেন, ‘আমরা ভ্রাতৃঘাতী সংঘাত চাই না। এ সংঘাত আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।’পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের সহিংস রাজনীতি আমাদের কাম্য নয়। ভিন্ন মত থাকতে পারে, তা রাজনীতির অঙ্গ। তাই বলে সহিংসতার মাধ্যমে প্রতিপক্ষকে দমিয়ে রাখার চেষ্টা কারও কাম্য নয়।’ তিনি বলেন, ‘আমি আশা করি, সহিষ্ণুতার মাধ্যমে সবাই সমস্যা মোকাবিলা করবেন এবং আমাদের মূল লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন।’ এ ভ্রাতৃঘাতী সংঘর্ষ, খুন অপহরণের বিষয়ে জনসংহতি সমিতি ও ইউপিডিএফের রয়েছে পরস্পরবিরোধী বক্তব্য। গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সমন্বয়কারী মাইকেল চাকমা অভিযোগ করেন, জনসংহতি সমিতি প্রথম তাঁদের ওপর হামলা শুরু করেছিল। জনসংহতি সমিতি ইউপিডিএফের নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সব সময় হুমকি আর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘জনসংহতি সমিতির প্রতি আমাদের সুনির্দিষ্ট আহ্বান রয়েছে। আমরা তাঁদের ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসছি।’অপর দিকে জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার দাবি, ‘ইউপিডিএফ একটি সন্ত্রাসী সংগঠন। তারা নানা কার্যকলাপের মাধ্যমে পার্বত্যচুক্তি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ মহলের পক্ষে কাজ করে চলেছে। জনগণ যেন ঐক্যবদ্ধ হতে না পারে তার জন্য নানা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। সে কারণে আমরা সরকারের কাছে বার বার ইউপিডএফ নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে আসছি।’