পাহাড় কাটছে জেলা পরিষদ!

রাঙামাটির শহরতলি রাঙাপানি হ্যাচারি ঘাট এলাকায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন নির্মাণের জন্য পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় শতাধিক গাছও কাটা হয়েছে। তবে পরিষদের নির্বাহী প্রকৌশলীর দাবি, চেয়ারম্যানের বাসভবন নির্মাণের জন্য একটি পাহাড়ের ছোট অংশের মাটি কাটা হচ্ছে। পাহাড় কাট হচ্ছে না।
১ মার্চ বেলা তিনটায় সরেজমিনে দেখা যায়, কালিন্দীপুর হ্যাচারি খেয়াঘাট থেকে একটি সড়ক পশ্চিম দিকে সুখী নীলগঞ্জ এলাকার (নতুন পুলিশ লাইন) দিকে চলে গেছে। ওই সড়কটি পাহাড়ে গা বেয়ে উঠেছে। সড়কের উত্তর পাশে দেয়ালঘেরা একটি পাহাড়ি স্থানেই মাটি কাটা হয়েছে। ওই পাহাড় থেকে প্রায় পাঁচ থেকে সাত ফুট গভীর করে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে। মাটি কাটার স্থানে পড়ে আছে খননযন্ত্র (এক্সকাভেটর)। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও সেখানে খননযন্ত্রের চালক ও কোনো শ্রমিকের দেখা যায়নি। দেয়ালের ঘেরা অংশের ভেতর অন্তত অর্ধশতাধিক কাটা গাছ রাখা হয়েছে। পাহাড় কাটার স্থানের পাশেই একসময় পার্ক থাকলেও এখন তা পরিত্যক্ত।
যোগাযোগ করা হলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ বলেন, চেয়ারম্যানের বাসভবন নির্মাণের জন্য জায়গাটি সমান করা হচ্ছে। বাসভবনটি হবে ১ হাজার ৮০০ বর্গফুটের। এ জন্য পাহাড়ের একটি ছোট অংশের মাটি কাটা হচ্ছে। যার পরিমাণ ৭ শতাংশের বেশি হবে না। বাসভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানের নিচে গর্ত থাকায় তা ভরাট করে সমান করা হচ্ছে বলে নির্বাহী প্রকৌশলী উল্লেখ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শতাব্দীর আশির দশকের প্রথম দিকে স্থানীয়ভাবে মাছের পোনা উৎপাদনের জন্য মৎস্য বিভাগের মাধ্যমে রাঙাপানি এলাকায় ২২ একর জায়গা অধিগ্রহণ করা হয়। ওই সময় ওই স্থানে দুটি হ্যাচারিও তৈরি করা হয়। কিন্তু হ্যাচারি দুটি পোনা উৎপাদনের জন্য সুবিধাজনক না হওয়ায় তা পরিত্যক্ত হয়ে যায়।
১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদ (পার্বত্য চুক্তির পর পার্বত্য জেলা পরিষদ) গঠিত হলে মৎস্য বিভাগ পরিষদের কাছে হস্তান্তর করা হয়। ফলে ওই ২২ একর জায়গা জেলা পরিষদের সম্পত্তিতে পরিণত হয়। পার্বত্য চুক্তির পরবর্তী সময়ে ওই স্থানে একটি মিনি চিড়িয়াখানা ও একটি শিশুপার্ক নির্মাণের পরিকল্পনাও নেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ। কিন্তু চিড়িয়াখানাটি কোনোমতে টিকে থাকলেও শিশুপার্কটি পরিত্যক্ত হয়ে যায়। ওই ২২ একর জায়গা থেকে পাঁচ একর জায়গা নিয়ে মেডিকেল কলেজ স্থাপনের জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে।
স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ওই স্থানে কয়েক দিন আগেও সবুজ বন ছিল। সেই বনের গাছ কাটার পর গত পাঁচ দিন ধরে থেমে থেমে খননযন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। সেখানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন নির্মাণ করা হবে। স্থানীয় লোকজন আরও জানান, ওই স্থানে আগে দোলনাসহ শিশুদের খেলার বেশ কিছু সরঞ্জাম ছিল। পরে কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার একটি সূত্র জানায়, পরিষদ চেয়ারম্যানের বাসভবন নির্মাণের জন্য ৯৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। সেই কাজের দরপত্র আহ্বানের পর কেয়া এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। আর কাজটি করছেন মো. ইকবাল হোসেন চৌধুরী নামের একজন ঠিকাদার। তিনি বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য শ্রমিক দিয়ে মাটি না কেটে খননযন্ত্র দিয়ে কাটা হচ্ছে। সে কারণে সবাই মনে করছে পুরো পাহাড়টি কাটা হবে। বিষয়টি আসলে তা নয়।
জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, চেয়ারম্যানের বাসভবন নির্মাণের জন্য পাওয়া বরাদ্দ কয়েকবার ফেরত গেছে। এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। চেয়ারমানের বাসভবন না থাকায় কারও বিশ্রামাগারে, কারও ভাড়া বাসায় অথবা কোনো কর্মকর্তার বাসায় থাকতে হয়। তাই একটি স্থায়ী বাসভবনের প্রয়োজন রয়েছে। চেয়ারম্যান দাবি করেন, যে স্থানে মাটি কাটা হচ্ছে, তার নিচে আগেই মাটি কাটা হয়েছিল পাশের হ্যাচারি বাঁধ নির্মাণের জন্য। এখন সেটিই ভরাট করা হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ‘পাহাড় কাটার বিষয়টি আমার জানা নেই। কী কারণে হচ্ছে, কেন হচ্ছে, তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’