পাহাড় কাটতে বুলডোজার ভাড়া দিচ্ছে সওজ!
খাগড়াছড়ির দীঘিনালায় রাস্তা তৈরির জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও ছাড়পত্র না নিয়েই পাহাড় কাটছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। পাশাপাশি পাহাড় কাটার জন্য বুলডোজারও ভাড়া দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি পাহাড় কাটার সময় উপজেলা প্রশাসন সওজের বুলডোজারসহ দুই ব্যক্তিকে আটক করেছে। উপজেলার বাবুছড়া ইউনিয়নে ধনপাতা এলাকায় সড়ক তৈরির জন্য বিশাল একটি পাহাড় কেটেছে সওজের নিযুক্ত ঠিকাদার। সূত্র জানায়, সরকারি ও বেসরকারি কোনো প্রকল্পের জন্য পাহাড় কাটতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতির প্রয়োজন হয়। এ ছাড়া উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে পরিবেশগত প্রভাব নিরূপণের নিয়ম রয়েছে। কিন্তু সওজের দাবি সরকারি গেজেটভুক্ত সড়কের কাজে পাহাড় কাটতে অনুমতির প্রয়োজন হয় না। সওজ ব্যক্তিমালিকানাধীন পাহাড় কাটতে তাদের বুলডোজার ভাড়া দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ মার্চ উপজেলার মধ্য বেতছড়ি বাজারসংলগ্ন এলাকায় অবৈধভাবে ব্যক্তিমালিকাধীন পাহাড় কাটার সময় সওজের বুলডোজার জব্দ এবং চালকসহ দুজনকে প্রশাসন আটক করে। এ ঘটনায় থানায় পরিবেশ আইনে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকেও একটি লিখিত অভিযোগ প্রশাসন বরাবর দাখিল করা হয়েছে। সরেজমিনে ঘুরে এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাহাড় কাটার জন্য ১৬ মার্চ সওজ কর্তৃপক্ষ দৈনিক পাঁচ হাজার টাকায় একটি বুলডোজার ভাড়া দেয়। ১৭ মার্চ ভোরে বুলডোজার দিয়ে মধ্যবেতছড়ি এলাকায় পাহাড় কাটার সময় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা। অভিযানের সময় সওজের এফএল-২৩০ আই নম্বরের বুলডোজার আটক এবং চালক চাইথোয়াই মারমা ও মো. ছালামকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে আবুল হোসেন, তাঁর দুই ছেলে নূরুল আলম, মো. ছালাম এবং বুলডোজারের চালক চাইথোয়াই মারমাকে আসামি করে থানায় পরিবেশ আইনে মামলা করা হয়েছে। আটক দুজনকে হাজতে পাঠানো হয়েছে। আটক বুলডোজারের চালক চাইথোয়াই মারমা জানান, ‘দৈনিক পাঁচ হাজার টাকা ভাড়ায় বুলডোজারটি হাসেম নামে এক ব্যক্তি ভাড়ায় এনেছেন। আমাদের বলা হয়েছিল পাহাড় কাটার জন্য সরকারি অনুমোদন রয়েছে।’ খাগড়াছড়ি সওজের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) বিপুল কুমার দে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ‘তাঁরা বুলডোজার ভাড়া নিয়েছিল বাজার সংস্কার করার কথা বলে।’ পাহাড় কাটার সঙ্গে যুক্ত আটক মো. ছালাম জানান, ‘পাহাড়টি আমার বাবা কাটাচ্ছেন, আমি তদারকি করছি।’ উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম ধনপাতা এলাকায় দেখা যায়, সড়ক উন্নয়নের কাজে ব্যবহারের জন্য বিশাল একটি পাহাড় কাটা হয়েছে। পাহাড়ের মালিক ধনপাতা গ্রামের বাহুদেব চাকমা জানান, ‘সড়কের কাজের জন্য মাটির প্রয়োজন তা-ই আমার পাহাড়টি সওজের লোকজন কেটে ফেলেছে। আমাকে পাহাড়টির মাটি দেওয়ার জন্য প্রতি ট্রাক ৫০ টাকা দাম দিয়েছে। ইতিমধ্যে পাহাড়টি থেকে প্রায় ৪৫০ ট্রাক মাটি নেওয়া হয়েছে।’ খাগড়াছড়ি সওজের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া পাহাড় কাটা প্রসঙ্গে বলেন, ‘সরকারি গেজেটের কাজে পরিবেশগত প্রভাব নিরূপণ ও পাহাড় কাটার অনুমতির প্রয়োজন হয় না।’ খাগড়াছড়ি জেলা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া সওজ পাহাড় কাটতে পারে না। পরিবেশ সংগঠনের পক্ষ থেকে পাহাড় কাটায় জড়িত লোকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘বিভিন্ন স্থানে পাহাড় কাটা বন্ধে প্রশাসন কাজ করছে। পাহাড় কাটার সংবাদ পেলে প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করে।’ যেকোনো স্থানে পাহাড় কাটার সঙ্গে জড়িত লোকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।