পাহাড় কেটে জায়গা ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নে অবাধে কাটা হচ্ছে পাঁচটি পাহাড়। পাহাড় কাটা মাটি ব্যবহার হচ্ছে বিভিন্ন এলাকার নিচু জমি, বসতভিটা ও জায়গা ভরাটে। পাহাড়গুলো হচ্ছে: সিকদারপাড়ার আবুল হোসেন বাপের পাহাড়, জাকারিয়া পাহাড়, মোহাম্মদ নছিমের ঘোনা, দরগাহপাড়া লাতুরপাহাড় ও কিয়াং পাহাড়। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরেজমিন গিয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ৩০ জুন দুপুরে সরেজমিনে সিকদারপাড়া ও দরগাহপাড়ায় গেলে দেখা গেছে, ১০ থেকে ১২ জন শ্রমিক পাহাড় কাটছেন। পাশের মোহাম্মদ নছিমের ঘোনা পাহাড় ও কিয়াং পাহাড়েও একই দৃশ্য নজরে পড়ে। কিছু লোক পাহাড় কাটা মাটি ট্রাক ও ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাচ্ছেন। শ্রমিকেরা জানান, পাহাড়ের মাটি দিয়ে ভরাট কাজ চলছে নিলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার এক ব্যক্তির জমি, এক পল্লিচিকিৎসকের বসতভিটা, নিলা বাসস্টেশনের রাস্তার দুই পাশ, নিলা মাদ্রাসা মার্কেটের জমি, বার্মাইয়া কলোনির জায়গা, নিলা আল-ফালাহ একাডেমি ও প্রি-ক্যাডেট স্কুলের মাঠ। পাহাড় কাটার কাজে নিয়োজিত শ্রমিক জিয়াউর রহমান (৩২) ও মো. ইউছুফ (৩৭) জানান, শামসুল আলম নামের এক ব্যক্তি পাহাড় কাটার জন্য তাঁদের নিয়োগ দিয়েছেন। সারা দিন পাহাড় কাটার বিপরীতে জনপ্রতি ৩৫০ টাকা করে মজুরি দেওয়া হয়। মাটি সরবরাহ কাজে নিয়োজিত ট্রাক্টর চালক আবুল খায়ের বলেন, ‘দৈনিক ৪০০ টাকা বেতনে গাড়ি চালানোর চাকরি করছি। বিভিন্ন এলাকায় জায়গা ভরাটের জন্য এসব মাটি নিয়ে যাওয়া হয়। এ পর্যন্ত কেউ বাঁধা দেয়নি।’ পাহাড় কাটা প্রসঙ্গে জানতে চাইলে নিলা পশ্চিম সিকদারপাড়ার শামসুল আলম ও তাঁর ছোট বোন জোহরা বেগম জানান, এই পাহাড় (আবুল হোসেন বাপের পাহাড়) ব্যক্তি মালিকানাধীন জোতের পাহাড়। বৃষ্টির সময় ধসে পড়া মাটি শ্রমিক দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে। পাহাড়ের জোত মালিক তাঁদের বাবা নুর আহমদ বলে দাবি করে তাঁরা বলেন, নিজের মালিকানাধীন পাহাড় কেটে মাটি বিক্রি করলে অসুবিধা কোথায়? এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর টেকনাফের জীববৈচিত্র্য কর্মকর্তা সাইদ আল শাহীন বলেন, ‘মালিক যেই হোক পাহাড় কাটা সম্পূর্ণভাবে নিষেধ। পাহাড় কাটার ফলে বনাঞ্চল উজাড় হচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য।’স্থানীয় মসজিদের ইমাম আলী হোসেন, চাষি জাহাঙ্গীর আলম ও মীর হোসেন জানান, প্রতিদিন এই পাঁচটি পাহাড় থেকে মাটি কেটে পাচার করা হচ্ছে। অথচ বন বিভাগ রহস্যজনক কারণে নীরব। পাহাড় কাটার ব্যাপারে বন বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন জানতে চাইলে নিলা বনবিট কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘পাহাড় কাটা হচ্ছে ঠিক, কিন্তু জনবল সংকটের কারণে প্রতিরোধ করা যাচ্ছে না। জেলা বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান বলেন, নিলায় পাঁচটি পাহাড় কাটার খবর জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ এ প্রসঙ্গে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জানান, পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।