পাহাড় কেটে তৈরি হচ্ছে বসতভিটা ও পানবরজ
কক্সবাজারের মহেশখালীতে অবাধে পাহাড় কেটে বসতভিটা ও পানবরজ তৈরি হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও থেমে নেই পাহাড় কাটা। মহেশখালী বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় ১৮ হাজার ২৮৬ একর বনভূমি রয়েছে। তার মধ্যে প্রায় আট হাজার একর জায়গা বেদখল হয়ে গেছে। বন বিভাগের জায়গায় পাহাড় কেটে অবৈধভাবে ছোট-বড় অন্তত ২০ হাজার বসতি ও ৬০০ পানের বরজ গড়ে উঠেছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে পাহাড় কাটতে দেখা গেছে। বসতবাড়ি ও পানবরজের প্রয়োজনে পাহাড় কাটা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হোয়ানকের পানিরছড়ার বাসিন্দা নুরুল আলম ও কামাল হোসেন বলেন, অবাধে পাহাড় কাটা হলেও বন বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের জীববিদ মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, ‘পাহাড় কাটার দায়ে দুইটি মামলা করা হয়েছে এবং পাঁচজনকে নোটিশ দেওয়া হয়েছে।’বন বিভাগের কেরুনতলী বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পাহাড় কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে লাভ হয়নি। স্থানীয় লোকজন পানবরজে মাটি দেওয়ার জন্য পাহাড় কাটছেন। এতে বাধা দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না। এর মূল কারণ লোকবল-সংকট। পাঁচ হাজার ১২০ একর আয়তনের পাহাড় ও সংরক্ষিত বন পাহারা দেওয়ার জন্য ১০ জনের জায়গায় মাত্র দুজন কাজ করছেন। উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘পানবরজ করতে বিচ্ছিন্নভাবে পাহাড় কাটা হচ্ছে। এ ব্যাপারে বন বিভাগ নজরদারি বাড়াবে।’মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অবাধে পাহাড় কেটে স্থানীয় লোকজন অবৈধভাবে বসতি স্থাপন করলেও বন বিভাগ তা প্রতিরোধ করতে পারছে না। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।